জরুরি মেইল লুকিয়ে পড়ছে স্প্যামে? এই জিমেইল ট্রিকস না জানলে বড় বিপদে পড়বেন!

বর্তমান ডিজিটাল যুগে জিমেইল (Gmail) বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত ইমেইল পরিষেবা হলেও, এর ব্যবহারকারীদের প্রায়ই একটি বেশ বড় সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় দরকারি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেলগুলি ইনবক্সে না এসে সোজা স্প্যাম ফোল্ডারে (Spam Folder) চলে যায়। এর ফলে চাকরি সংক্রান্ত জরুরি ইন্টারভিউয়ের মেল, ব্যাঙ্কের আপডেট, ওটিপি (OTP) বা কোনো নির্দিষ্ট ব্যক্তির পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজও ব্যবহারকারীর চোখ এড়িয়ে যায়, যা অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
জিমেইলের স্প্যাম ফিল্টারটি মূলত সন্দেহজনক বা অনাকাঙ্ক্ষিত ইমেল শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু ত্রুটির কারণে অনেক সময়ই এই ফিল্টার বৈধ ও কাজের ইমেলগুলিকেও স্প্যাম হিসেবে গণ্য করে ফেলে। আপনার সাথেও যদি এমনটা ঘটে থাকে, তবে চিন্তা নেই। কিছু সহজ এবং কার্যকরী উপায় মেনে চললে আপনি খুব সহজেই জিমেইলকে নির্দেশ দিতে পারবেন যে কোনো নির্দিষ্ট প্রেরকের পাঠানো ইমেল আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। নিচে উপায়গুলি আলোচনা করা হলো:
‘নট স্প্যাম’ হিসেবে চিহ্নিত করুন: যদি কোনো গুরুত্বপূর্ণ ইমেল ভুলবশত স্প্যাম ফোল্ডারে চলে যায়, তবে সেটিকে অবিলম্বে ‘নট স্প্যাম’ (Not Spam) হিসেবে চিহ্নিত করুন। কম্পিউটারে জিমেইল খুলে বাম দিকের মেনু থেকে স্প্যাম বিভাগে যান। যে ইমেলটি ইনবক্সে ফেরাতে চান তা নির্বাচন করে ওপরের ‘নট স্প্যাম’ অপশনে ক্লিক করুন। মোবাইল অ্যাপের ক্ষেত্রেও স্প্যাম ফোল্ডারে গিয়ে প্রাসঙ্গিক ইমেলটি ওপেন করে ‘রিপোর্ট নট স্প্যাম’ সিলেক্ট করলেই তা ইনবক্সে ফিরে আসবে।
গুগল কন্টাক্টস-এ সংরক্ষণ করুন: কোনো ব্যক্তি বা কোম্পানির ইমেল আপনার কাছে গুরুত্বপূর্ণ হলে, তাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনার গুগল কন্টাক্টস-এ (Google Contacts) সেভ করে রাখুন। এটি জিমেইলকে বুঝতে সাহায্য করে যে ওই প্রেরক আপনার পরিচিত এবং বিশ্বস্ত।
ফিল্টার ও সেটিংস ব্যবহার করুন: জিমেইলের ফিল্টার অপশনে গিয়ে ‘কখনোই স্প্যামে পাঠাবেন না’ (Never send it to Spam) বিকল্পটি নির্বাচন করে রাখতে পারেন। এর ফলে নির্দিষ্ট সেই প্রেরকের কোনো ইমেলই আর কখনো স্প্যাম ফোল্ডারে যাবে না।