“শুল্ক কমাতে হলে ট্রেড ডিল জরুরি!”-ভারতকে কড়া শর্ত দিল ট্রাম্প প্রশাসন

ভারতের উপর নতুন করে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে ট্রেড ডিল সম্পন্ন হলে শুল্কের সর্বোচ্চ হার কমিয়ে ১৭ শতাংশে নামিয়ে আনা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, শুল্কের বোঝা কমাতে চাইলে নয়াদিল্লিকে আমেরিকার সঙ্গে চুক্তিতে যেতে হবে—এই শর্তই সামনে এনেছে ট্রাম্প প্রশাসন।
বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর (USTR) এই নতুন শুল্ক প্রস্তাব ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির আওতায় ভারত সহ ১৪টি বড় বাণিজ্যিক সহযোগী দেশকে রাখা হয়েছে।
তবে এখনই এই শুল্ক কার্যকর হচ্ছে না। আগামী ২৫ জানুয়ারি এই বিষয়ে পাবলিক হিয়ারিং বা গণশুনানি আয়োজন করবে USTR। সেই শুনানি ও পর্যালোচনার পরেই শুল্ক কার্যকরের পরবর্তী পদক্ষেপ করা হবে।
১৭ শতাংশ শুল্কের পিছনে রয়েছে বড় শর্ত
নতুন প্রস্তাবে ভারতের সামনে মূলত দুই ধরনের শুল্কের হিসাব রাখা হয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ১৭ শতাংশ শুল্ক বসতে পারে। কিন্তু চুক্তি না হলে শুল্কের হার বেড়ে ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। ফলে কম শুল্কের সুবিধা পাওয়ার বিষয়টি পুরোপুরি আলোচনার অগ্রগতির উপর নির্ভর করছে। সরাসরি শুল্ক কমানোর বদলে চুক্তি সাপেক্ষে ছাড়ের এই নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন।
শুধু ভারত নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও আলাদা শুল্কের হার প্রস্তাব করা হয়েছে। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ শুল্কের হার ১৮ শতাংশ রাখার প্রস্তাব রয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ডের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কের হার ১৫ শতাংশ, যার মধ্যে আগে থেকে কার্যকর থাকা Most Favoured Nation (MFN) শুল্কও অন্তর্ভুক্ত।
অন্যদিকে, সিঙ্গাপুরের ক্ষেত্রে সর্বোচ্চ শুল্কের হার ১০ শতাংশ এবং চিনের ক্ষেত্রে ২০ শতাংশ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে চুক্তি হলে ২০ শতাংশ শুল্ক বসতে পারে, তবে আলোচনা ঠিক পথে না এগোলে তা বেড়ে ৩৫ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।
কেন ভারতের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা?
ভারতের বাণিজ্য ও শিল্পনীতির বিরুদ্ধে একাধিক আপত্তি তুলেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের দাবি, ভারতের কিছু নীতি মার্কিন সংস্থাগুলিকে প্রতিযোগিতার ক্ষেত্রে অসুবিধায় ফেলছে। ভারতের শিল্পক্ষেত্রের সম্প্রসারণ নীতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষার দুর্বলতা, আর্থিক ক্ষেত্রে বিধিনিষেধ এবং ভারতীয় বাজারে প্রবেশের বাধা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। বিশ্ববাজারে উৎপাদনের অতিরিক্ত ক্ষমতা নিয়ন্ত্রণে ভারত যথেষ্ট পদক্ষেপ করছে না বলেও অভিযোগ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, এই ধরনের নীতির ফলে আমেরিকার উৎপাদন, রফতানি, কর্মসংস্থান এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, ইস্পাত, সৌরশক্তি এবং তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অন্য দেশের উপর আমেরিকার নির্ভরতা কমানোর উপরও জোর দিয়েছে ওয়াশিংটন।