জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যাবেন? রাতভর চলবে স্পেশাল লোকাল! দেখে নিন পূর্ব রেলের সম্পূর্ণ টাইমটেবিল

জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা হতে চলা চন্দননগর ও পার্শ্ববর্তী এলাকার লক্ষ লক্ষ দর্শনার্থীদের জন্য বড় সুখবর শোনাল পূর্ব রেল। পুজোর দিনগুলিতে রাতভর ঠাকুর দেখার ভিড় সামাল দিতে এবং যাত্রীদের যাতায়াত আরও মসৃণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। রেলের তরফে জানানো হয়েছে, পুজো উপলক্ষে হাওড়া-ব্যান্ডেল রুটে ৮ জোড়া, বালি-ব্যান্ডেল রুটে ১ জোড়া এবং হাওড়া-বর্ধমান রুটে ১ জোড়া বিশেষ ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালানো হবে। আগামী ১৪ ও ১৫ নভেম্বরের মধ্যবর্তী রাত থেকে শুরু হয়ে ২০ ও ২১ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি স্পেশাল ট্রেনই যাত্রাপথের সমস্ত স্টেশনে দাঁড়াবে।

রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-ব্যান্ডেল রুটে মোট ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে। হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে বিশেষ ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে বিকেল ৫টা ২০ মিনিট, রাত ৮টা, রাত ৮টা ৩৫ মিনিট, রাত ১১টা ৩০ মিনিট, রাত ১২টা ৩০ মিনিট, রাত ১২টা ৫০ মিনিট, রাত ২টো ৩৫ মিনিট এবং ভোর ৩টে ৪৫ মিনিটে। অন্যদিকে, ফেরার পথে ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশে বিশেষ ট্রেনগুলি ছাড়বে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট, রাত ৯টা ২০ মিনিট, রাত ৯টা ৫৫ মিনিট, রাত ১১টা, রাত ১টা, রাত ২টো, রাত ২টো ৩০ মিনিট এবং ভোর ৪টেয়। ফলে গভীর রাত পর্যন্ত চন্দননগরের আলোকসজ্জা ও প্রতিমা দর্শন সেরে বাড়ি ফিরতে যাত্রীদের আর কোনো সমস্যায় পড়তে হবে না।

এর পাশাপাশি হাওড়া-বর্ধমান এবং বালি-ব্যান্ডেল রুটেও বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ব্যান্ডেল হয়ে হাওড়া-বর্ধমান রুটের বিশেষ ইএমইউ ট্রেনটি রাত ১টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ভোর ৩টে ৫০ মিনিটে বর্ধমানে পৌঁছাবে। ফিরতি পথে ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে রাত ১টায় হাওড়ায় ঢুকবে। একইভাবে বালি-ব্যান্ডেল রুটে বিশেষ ট্রেনটি রাত ৯টা ৫০ মিনিটে বালি থেকে ছেড়ে রাত ১০টা ৪৫ মিনিটে ব্যান্ডেলে পৌঁছাবে এবং ফিরতি ট্রেনটি রাত ৮টা ১৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে বালিতে এসে পৌঁছাবে।

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ৩৬০৮৭ হাওড়া-মাশগ্রাম ইএমইউ লোকাল, যা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়ে, সেটির যাত্রাপথ বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে ওই ট্রেনের রেকটিই ০৩০৯৬ বর্ধমান-হাওড়া স্পেশাল হিসেবে চালানো হবে, যা রাত ১০টা ১০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে রাত ১২টা ৩৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। এই পরিবর্তনের কারণে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৩৬০৮৮ মাশগ্রাম-হাওড়া লোকালটি বাতিল থাকবে।

এছাড়াও ভিড় সামাল দিতে আরও তিনটি নিয়মিত ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাত ১টা ৩০ মিনিটের ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু লোকাল হাওড়া-ব্যান্ডেল শাখার সব স্টেশনে দাঁড়াবে। একই সময়ে ৫৩০০২ আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল (রাত ১টা ২১ মিনিটে ব্যান্ডেল থেকে ছেড়ে) এবং ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল (বিকেল ৫টা ৪ মিনিটে ব্যান্ডেল থেকে ছেড়ে) ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত সমস্ত স্টেশনে স্টপেজ দেবে। পাশাপাশি, ১৫ নভেম্বর রবিবার হওয়া সত্ত্বেও দুপুর ৩টে পর্যন্ত সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই স্বাভাবিক লোকাল ট্রেন পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।