ছাত্রীদের জন্য বিশেষ পাঠ দেবে ABVP! প্রেসিডেন্সি-যাদবপুর নিয়ে মুখ্যমন্ত্রীর বড় মন্তব্যে হইচই

রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ দিতে চলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। আরএসএস (RSS)-এর এই ছাত্র সংগঠনের এমন পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১৪ থেকে ১৬ নভেম্বর রাজ্যজুড়ে ‘মিশন সাহসী’

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে বিপদের মুখে দাঁড়িয়ে ছাত্রীরা যাতে নিজেদের রক্ষা করতে পারেন এবং মানসিকভাবে সাহসী হয়ে ওঠেন, সেই লক্ষ্যেই ‘মিশন সাহসী’ নামের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আগেও ২০২৪ সালে কলকাতার ‘সাই’ (SAI) কমপ্লেক্সে সফলভাবে এই ধরণের শিবিরের আয়োজন করেছিল এবিভিপি।

“টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে ভালো কাজ করছে”, মত মুখ্যমন্ত্রীর

শুক্রবার সন্ধ্যায় মানিকতলায় একটি কালীপূজার মণ্ডপ উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবিভিপি-র জাতীয়তাবাদী সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, “বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠনের আমার ভাই-বোনদের জানাই আন্তরিক অভিনন্দন। যারা প্রেসিডেন্সি ও যাদবপুরে দেশবিরোধী মনোভাব ছড়ায় এবং আপত্তিজনক স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয় দুটিকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে তারা।”

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘টুকরে টুকরে গ্যাং’ ও ‘দিমাগী নকশালরা’ সক্রিয় এবং তারা নানা ধরনের বিভ্রান্তিকর স্লোগান দেয়।

সবরকম সহযোগিতার আশ্বাস

ক্যাম্পাসে এই জাতীয়তাবাদী আন্দোলন ও দেশবিরোধী মনোভাবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই কাজে রাজ্য সরকার তথা প্রশাসন সবরকম সহযোগিতা ও সাহায্য প্রদান করবে।