ছত্তীসগড়ে মাওবাদী অধ্যায়ের ইতি! এবার বড় সিদ্ধান্ত নিয়ে ১ হাজারেরও বেশি জওয়ানকে মণিপুরে পাঠাচ্ছে কেন্দ্র

দেশজুড়ে নিরাপত্তা কৌশলে এক বড়সড় পটপরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। ছত্তীসগড়ে মাওবাদী দমনের লড়াইয়ে বড় সাফল্যের পর এবার সেই অভিজ্ঞ বাহিনীকে অন্য উপদ্রুত অঞ্চলে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দিল্লিভিত্তিক এক সিনিয়র নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন যে, সিআরপিএফ হেডকোয়ার্টার্স ছত্তীসগড় থেকে একটি জেনারেল ডিউটি ব্যাটালিয়নকে ডি-ইনডাকশন বা সম্পূর্ণ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই বিশেষ ব্যাটালিয়নটিকে এবার সরাসরি পাঠানো হচ্ছে মণিপুরে, যেখানে গত তিন বছরেরও বেশি সময় ধরে জাতিহিংসার আগুন জ্বলছে।
প্রথমবার নকশাল ক্ষেত্র থেকে সম্পূর্ণ ব্যাটালিয়ন প্রত্যাহার চলতি বছরের মার্চ মাসেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেশ থেকে সশস্ত্র মাওবাদের সম্পূর্ণ অবসান ঘোষণা করা হয়েছিল। সেই ঐতিহাসিক ঘোষণার পর এই প্রথমবার কোনও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ (CAPF)-এর সম্পূর্ণ ব্যাটালিয়নকে কোনও অ্যান্টি-নকশাল অপারেশন থিয়েটার বা মাওবাদী দমন ক্ষেত্র থেকে পাকাপাকিভাবে প্রত্যাহার করে নেওয়া হলো।
সূত্রের খবর, ১ হাজারেরও বেশি জওয়ান সংবলিত এই জেনারেল ডিউটি ব্যাটালিয়নটি এতদিন ছত্তীসগড়ের দুর্গম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অত্যন্ত সফলভাবে অভিযান চালিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির নিরিখে মণিপুরের দীর্ঘদিন ধরে চলা জাতিহিংসার আবহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ছত্তীসগড়ের অভিজ্ঞ জওয়ানদের মণিপুরের মাটিতে মোতায়েন করার এই মাস্টারস্ট্রোক দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ছত্তীসগড়ের মতো কঠিন পরীক্ষার সফল উত্তীর্ণ এই বাহিনীকে মণিপুরে নামানো হলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও বহুগুণ জোরদার হবে এবং শান্তি ফেরানোর প্রক্রিয়ায় বাড়তি গতি আসবে।