চাকরিপ্রার্থীদের জন্য বড় ধাক্কা! ২৬ হাজার শিক্ষক নিয়োগ শেষ করতে ফের আট মাস সময় চাইল কমিশন

বহুল আলোচিত ২৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় দাবি করল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া বর্ধিত সময়সীমা সোমবার শেষ হওয়ার আগেই, কাজ শেষ করতে আগামী বছরের মে মাস অর্থাৎ প্রায় আরও আট মাস সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে কমিশন। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং সচিন সচদেবার এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার পেছনে বেশ কিছু বাস্তবসম্মত কারণ রয়েছে। নতুন করে নেওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ‘অ্যানসার কি’ বা উত্তরপত্র নিয়ে বিপুল সংখ্যক—প্রায় ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ জমা পড়েছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য বিশেষ রিভিউ কমিটি গঠন করতে হয়েছে। এর পাশাপাশি, ৫ লক্ষেরও বেশি OMR শিট স্ক্যান করতে গিয়ে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যায় পড়তে হয় কমিশনকে, যার ফলে প্রতিটি ওএমআর শিট তিনবার করে স্ক্যান করতে হয়েছে।
প্রশাসনিক ও আইনি জটিলতাও নিয়োগ প্রক্রিয়াকে মন্থর করেছে বলে দাবি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে কমিশনের চেয়ারম্যান এবং পাঁচ জোনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পদত্যাগ করায় প্রশাসনিক স্তরে কিছুটা ধাক্কা লাগে। এছাড়া, কলকাতা হাইকোর্ট কর্তৃক ওবিসি (OBC) শংসাপত্র বাতিলের পর নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সংরক্ষণের বিষয়টি এই নিয়োগে কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছে এসএসসি।
অন্যদিকে, সমস্ত জট কাটিয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করার চেষ্টা চলছে। একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ হয়ে প্যানেল চূড়ান্ত হয়েছে এবং ৩,৫৮৬ জনের সুপারিশও করা হয়েছে। নবম-দশমের ক্ষেত্রেও ইন্টারভিউয়ের তালিকা প্রস্তুত। তবে সমস্ত জট কাটিয়ে চাকরিপ্রার্থীদের চূড়ান্ত স্বস্তি কবে মিলবে, সেটির সম্পূর্ণ নির্ভর করছে সোমবার সুপ্রিম কোর্টের রায়ের ওপর।