ঘূর্ণিঝড় অর্ণবের জোড়া ফণা! দক্ষিণবঙ্গে কাটলেও উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গভীর নিম্নচাপে পরিণত হলেও তার জেরে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হচ্ছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার, ৩০ অক্টোবরের পর থেকে বৃষ্টির পরিমাণ কমলেও, উলটো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। সময় যত এগোচ্ছে, এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা?
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে দুর্যোগ চলবে:
৩০ অক্টোবর (শুক্রবার): দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি—এই তিন জেলার দু-এক জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩১ অক্টোবর (শনিবার): দুর্যোগ আরও বাড়বে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) জন্য হলুদ সতর্কতা বহাল রয়েছে। এই চার জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
কবে কাটবে দুর্যোগ?
১ নভেম্বর রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতির লক্ষণ রয়েছে। ওই দিন থেকে ঝোড়ো হাওয়ার দাপট কমে যাবে এবং ৫ নভেম্বর পর্যন্ত উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে নভেম্বর মাসের শুরুতে বড় ধরনের কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।