“ঘর থেকেই সোজা পুলিশি জালে! তেরঙ্গা মিছিল শুরুর আগেই ফের আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে”

রাজধানীতে ফের পুলিশের বড়সড় পদক্ষেপ। ‘লেহরা দো তিরঙ্গা’ (Lehra Do Tiranga) মিছিল নিয়ে পথে নামার ঠিক আগে ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে তাঁর বাড়ি থেকেই আটক করল দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে ‘উসকানি’ দেওয়ার অভিযোগ তুলে এই পদক্ষেপ করা হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পুলিশের হাতে আটক হলেন এই রাজনৈতিক নেতা।

কেন এই উত্তপ্ত পরিস্থিতি?

এর আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’-এ বড়সড় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বই থেকে দিল্লি পৌঁছেছিলেন অভিজিৎ দীপকে। সেবার বিমানবন্দর থেকেই তাঁকে আটক করা হয়েছিল।

শুক্রবারের এই নতুন প্রতিবাদের নেপথ্যে ছিল গত ১৩ অক্টোবরের একটি চাঞ্চল্যকর ঘটনা। ওই দিন সিজেপি-র দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জাতীয় পতাকা হাতে নিয়ে দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন। কিন্তু তার মাত্র একদিন আগেই যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ফলে ওই দুই সদস্যকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে পুলিশ এবং তাঁদের ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সতীর্থদের মুক্তির দাবিতেই এদিন ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছিলেন অভিজিৎ।

বাড়িতে নোটিশ ও আটক

মিছিল শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে অভিজিৎ দীপকের বাড়িতে চড়াও হয় দিল্লি পুলিশ। মিছিল না করার মর্মে তাঁকে একটি সরকারি নোটিশ ধরানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। দিল্লি পুলিশের কড়া অবস্থানের জেরে নির্ধারিত কর্মসূচি ঘিরে রাজধানীতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।