গ্যাসবক্সে দিল্লি! একিউআই পেরাল ৩৫০, কোন কোন এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ?

রবিবার সকালেই গ্যাসস্তূপে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB)-এর তথ্য অনুযায়ী, এদিন সকালে দিল্লির সামগ্রিক বাতাসের গুণমান সূচক বা একিউআই (AQI) পৌঁছায় ৩৫২-তে, যা ‘খুব খারাপ’ (Very Poor) ক্যাটেগরির অন্তর্ভুক্ত। গোটা রাজধানীজুড়ে তীব্র ধোঁয়াশার চাদর দৃশ্যমান রয়েছে। পিএম১০ (PM10) ও পিএম২.৫ (PM2.5)-এর মাত্রা আকাশছোঁয়া হওয়ায় চরম বিপাকে সাধারণ মানুষ।

সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত শহরের একাধিক মনিটরিং স্টেশনে বাতাসের অবস্থা ‘গুরুতর’ (Severe) হিসেবে চিহ্নিত হয়েছে। আইআইটি (IIT) দিল্লিতে একিউআই রেকর্ড হয়েছে সর্বোচ্চ ৪২৫। পাশাপাশি, আইটিও-তে ৪১৫, কমনওয়েলথ স্পোর্টস কমপ্লেক্সে ৪০৩, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাস ও পুসায় ৪০২ এবং বুরারি ক্রসিংয়ে ৪০০ একিউআই মাপা হয়েছে। এছাড়া পাঞ্জাবিবাগে ৩৮৬, জেএনইউতে ৩৮৩, অক্ষরধামে ৩৬৫, আর কে পুরমে ৩৩৯, ওখলা ফেস টু-এ ৩৩০ এবং ময়দানগড়িতে ৩২৫ একিউআই রেকর্ড করা হয়েছে।

তুলনামূলকভাবে কিছু এলাকায় বাতাস কিছুটা ভালো থাকলেও স্বস্তির অবকাশ নেই। নজফগড়ে ২৯৮, আইজিএনইউ-ময়দানগড়িতে ২৭৮ এবং আইএমডি লোধি রোডে ২৮০ একিউআই ‘খারাপ’ পর্যায়ে রয়েছে। একমাত্র ক্যান্টনমেন্ট এলাকায় একিউআই ১৬৫ থাকায় সেখানকার বাতাস কিছুটা ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত ৬ নভেম্বর এনসিআর এবং সংলগ্ন অঞ্চলে গ্র্যাপ ৩ (GRAP 3) চালুর নির্দেশ দিয়েছে দ্য কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)।

এদিকে বায়ুদূষণ নিয়ে এক নতুন ও চাঞ্চল্যকর গবেষণা ঘুম কেড়েছে বিশেষজ্ঞদের। ‘জার্নাল অফ ভাসকুলার ডিজিজেস’-এ প্রকাশিত জনস্বাস্থ্য সমীক্ষায় জানানো হয়েছে, দীর্ঘক্ষণ সূক্ষ্ম ধূলিকণা বা পিএম (PM)-এর সংস্পর্শে থাকলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ১০ থেকে ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। বিশ্বজুড়ে প্রায় ২০ কোটিরও বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা সতর্ক করেছেন যে, দূষণ এখন কেবল হৃৎপিণ্ড বা ফুসফুসের সমস্যা নয়, এটি মেটাবলিজমেও মারাত্মক প্রভাব ফেলছে। দক্ষিণ এশিয়ার মতো দূষিত অঞ্চলে এর বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন পদ্মশ্রী ডা. অনুপ মিশ্র, যশোন্দ্র শেঠি, নির্জা কাকা, সৌরভ সিঙ্ঘল, মানবী বাসুদেব এবং গিউসেপ বিওন্ডি-জোক্কাইয়ের মতো বিশিষ্ট গবেষকরা।