গোপন হোটেলের আড়ালে কোটি টাকার খেলা! পুলিশের খাঁচায় হেভিওয়েট তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকার একটি সাধারণ দেখতে হোটেল। বাইরে থেকে বোঝার বিন্দুমাত্র উপায় নেই যে ভেতরে ঠিক কী মারাত্মক কাণ্ড ঘটছে। তবে রাতের অন্ধকার নামলেই বদলাত ছবিটা। বিলাসবহুল ঘরের গোপন আস্তানায় বসত কোটি টাকার জুয়ার আসর। শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ আচমকা সেই হোটেলে হানা দেয়। হাতেনাতে পাকড়াও করা হয় দুর্গাপুর পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর তথা প্রভাবশালি তৃণমূল নেতা চন্দন সাহা-সহ পাঁচজনকে। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে এই বেআইনি কারবার চালাচ্ছিলেন চন্দন সাহা। জুয়ার ঠেক থেকে উদ্ধার হয়েছে নগদ লক্ষ লক্ষ টাকা। স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, চন্দন সাহার বিরুদ্ধে কেবল জুয়া খেলাই নয়, তোলাবাজি এবং একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। প্রভাবশালী এই নেতা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন।

দুর্গাপুর থানার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ টাকা। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে।