গুজব নয়, একেবারে সত্যি! টম ক্রুজের সঙ্গে কাজ করতে গেলে সহ-অভিনেতাদের মানতেই হয় এই কঠিন শর্ত

গুজব নয়, সত্যি! টম ক্রুজের সঙ্গে অভিনয় করলে ‘এটা’ দিতেই হবে সহ-অভিনেতা, অভিনেত্রীদের

দুরন্ত অভিনয়ের পাশাপাশি কাজের প্রতি চরম নিষ্ঠা এবং অবিশ্বাস্য সব মারাত্মক স্টান্টের জন্য হলিউডে সর্বদাই চর্চায় থাকেন টম ক্রুজ। চৌষট্টি বছর বয়সে দাঁড়িয়েও তাঁর কাজের প্রতি একাগ্রতা একই রকম তীক্ষ্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন এবং সেটে সহ-অভিনেতাদের থেকে তিনি ঠিক কী প্রত্যাশা করেন, তা নিয়ে একেবারে খোলামেলা কথা বললেন এই ‘মিশন ইম্পসিবল’ তারকা। আলেকজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন ডার্ক কমেডি ‘ডিগার’ মুক্তির আগে তাঁর এই সাক্ষাৎকার ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

কাজের জগৎ নিয়ে কী বললেন অভিনেতা?

সাক্ষাৎকারে ক্রুজ স্পষ্ট জানান, সেটে ঢোকার আগেই তিনি সহ-শিল্পীদের নিজের কাজের ধারা সম্পর্কে ওয়াকিবহাল করে দেন। হাসতে হাসতে তিনি বলেন, “আমি কঠোর পরিশ্রম করি এবং যাঁরা আমার সঙ্গে কাজ করেন তাঁরা সেটা ভালো করেই জানেন। আমি সবাইকে বলি— যে গুজবগুলো আপনারা শুনেছেন, সেগুলো কিন্তু সব সত্যি! আপনারা কি সত্যিই আমার সঙ্গে ছবি করতে রাজি? আমি স্পষ্টই বলি, আমাকে বিশ্বাস করতে পারেন, সেটে আমার কাজ করার বিষয়ে যা যা শোনেন সেই সব খবর ১০০ শতাংশ সত্যি। আপনার আসার আগেই আমি সেটে পৌঁছে যাব।”

ছোটবেলা থেকেই মানুষ তাঁকে কাজের জায়গায় বড্ড ‘ইনটেন্স’ বা তীব্র বলে মনে করত। এই প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, তিনি যখন কোনো বিষয়ে আগ্রহী হন, সেটা গভীরভাবে শিখতে এবং বুঝতে ভালোবাসেন। এমনকি যখন শুটিং থাকে না, তখনও তিনি পরবর্তী ছবির প্রস্তুতি নিতেই ব্যস্ত থাকেন।

আসছে নতুন ছবি ও অস্কারের গুঞ্জন

আগামী মাসেই মুক্তি পেতে চলেছে অস্কারজয়ী পরিচালক আলেকজান্দ্রো ইনারিতুর নতুন ছবি ‘ডিগার’। এই ছবিতে তেল ব্যবসায়ী ‘ডিগার রকওয়েল’-এর ভূমিকায় দেখা যাবে ক্রুজকে, যিনি বিশ্বকে এক ঘোর বিপদে ফেলার পর নিজেই মানবজাতিকে বাঁচাতে আসরে নামেন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রিজ আহমেদ, জন গুডম্যান, স্যান্ড্রা হুলারের মতো তাবড় তারকারা। সম্প্রতি ছবির প্রথম ট্রেলারে প্রস্থেটিক মেকআপে টম ক্রুজের লৌকিক রূপ দেখে তাজ্জব বনে গেছেন দর্শকেরা। সিনেপ্রেমীদের একাংশের জোরালো ধারণা, এই অদ্ভুত ও সাহসী অভিনয়ের সুবাদে এবার হয়তো সেরা অভিনেতার অস্কারও ঘরে তুলতে পারেন এই তারকা।