গুঁড়িয়ে দেওয়া হচ্ছে স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের প্রাসাদোপম বাড়ি! ফলতায় প্রশাসনের বড় অ্যাকশন

জেলাশাসকের কড়া নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বেআইনি বাড়ি ভাঙার কাজ জোরকদমে শুরু করেছে প্রশাসন। গতকাল দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় বাড়ি ভাঙার কাজ চলার পর, আজ সকাল ৯টা থেকে পুনরায় সেই অভিযান শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে পরিচিত এবং এলাকার স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খান প্রায় ৫ কাঠা সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে এই চারতলা (G+3) ভবনটি নির্মাণ করেছিলেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়িটি অত্যন্ত ঘিঞ্জি ও অপরিসর জায়গায় তৈরি হওয়ায় বড় যন্ত্র বা বুলডোজার ব্যবহার করা সম্ভব হয়নি। তাই গতকাল থেকে একদল মিস্ত্রি হাতুড়ি এবং ভাইব্রেটর মেশিনের সাহায্যে মূলত ভবনটির ছাদ থেকে ভাঙার কাজ শুরু করেছেন। পঞ্চায়েত এলাকায় কোনও চারতলা ভবন নির্মাণের জন্য যে ধরনের আইনি অনুমোদন ও নকশার প্রয়োজন হয়, জাহাঙ্গিরের এই বাড়ির ক্ষেত্রে তার কিছুই ছিল না।

স্থানীয় সূত্রে খবর, আগে এখানে জাহাঙ্গির খানের বাবার একটি অত্যন্ত ছোট বাড়ি ছিল। কিন্তু পরবর্তীতে জাহাঙ্গির তৃণমূল নেতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে পাশের সরকারি খাস জমি দখল করেন এবং বাড়িটির আকার ও আয়তন বাড়িয়ে চারতলা প্রাসাদে পরিণত করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসনের তরফে ওই জমিতে সরকারি বোর্ডও লাগানো হয়েছিল।

এই বেআইনি নির্মাণ ও জমি দখলের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ফলতার বিজেপি নেতা বিধান পাড়ুই। সেই অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদ তদন্ত শুরু করে এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা একাধিকবার ঘটনাস্থলে এসে জমি মাপজোক ও জরিপ চালান। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর জেলবন্দি জাহাঙ্গির খানকে প্রশাসনের তরফে মোট ৭ বার নোটিশ পাঠানো হয়।

কোনও সদুত্তর না মেলায় অবশেষে গত ২ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি ভেঙে ফেলার চূড়ান্ত নির্দেশ জারি করা হয়। সেই নির্দেশ মতোই ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়ের নেতৃত্বে এবং ফলতা থানার আইসি-র উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এই উচ্ছেদ অভিযান চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ দিনভর এই ভাঙার কাজ চলবে।