“গায়ে কুর্তা-মুখে দাঁতন!”-ফুলেরায় কেভিন পিটারসেন, পঞ্চায়েত ৫-এর আগে বড় চমক

বিশ্বজুড়ে পরিচিতি পেল জনপ্রিয় ওয়েব সিরিজের কাল্পনিক গ্রাম ফুলেরা। পঞ্চায়েত সিজন ৫ মুক্তির ঠিক আগে দর্শকদের জন্য বড় চমক নিয়ে এলেন নির্মাতারা। সিরিজের সেই পরিচিত ফুলেরা গ্রামে দেখা গেল ইংল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটার কেভিন পিটারসেনকে। একেবারে স্থানীয় বাসিন্দার ছন্দে ধরা দিয়েছেন তিনি—গায়ে কুর্তা-পাজামা, মাথায় গামছা আর মুখে দাঁতন, যা দেখে চেনাই দায়।
আগামী ৩ ডিসেম্বর নতুন সিজনের প্রিমিয়ারের আগে এই বিশেষ প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। প্রোমোতে ফুলেরার বাসিন্দা ও সিরিজের জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে ভাব জমিয়েছেন কেভিন পিটারসেন।
প্রাইম ভিডিওর পোস্টে কী লেখা রয়েছে?
প্রোমোটি প্রাইম ভিডিওর এক্স হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “দেখ রাহা হ্যায় বিনোদ, কেভিন পিটারসেনজি কিতনা প্যায়ার করতে হ্যায় ফুলেরা সে।” পোস্টটিতে অভিনয়শিল্পী হিসেবে রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, সুনিতা রাজওয়ার এবং অশোক পাঠককে ট্যাগ করা হয়েছে।
চায়ের দোকান থেকে আইফেল টাওয়ার তুলনা
প্রোমো ভিডিওতে কেভিন পিটারসেনকে ফুলেরার রোজকার জীবনের সঙ্গে পুরোপুরি মিশে যেতে দেখা গেছে। কখনো পঞ্চায়েত অফিসে বৈঠকে অংশ নিচ্ছেন তিনি, আবার কখনো ভুটকুনের চায়ের দোকানে চায়ের অর্ডার দিচ্ছেন। এমনকি ফুলেরার বিখ্যাত জলের ট্যাঙ্কটিকে রসিকতার ছলে আইফেল টাওয়ারের সঙ্গেও তুলনা করেন এই প্রাক্তন ক্রিকেটার।
শেষ দৃশ্যে ‘বনরাক্ষস’-এর টুইস্ট
ভিডিওর শেষাংশে দেখা যায়, পিটারসেন যখন ফুলেরা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই নতুন প্রধান তাঁকে আটকে দেন। আরও কয়েকটি রিল শুট করার আবদারে তাঁকে আটকে রাখেন ‘বনরাক্ষস’।
উল্লেখ্য, পঞ্চায়েত সিজন ৫ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রকাশিত ট্রেলারে ইঙ্গিত মিলেছে যে এবারের সিজনে বনরাক্ষস প্রধানের আসন দখল করেছে। নতুন প্রধান কীভাবে ফুলেরা পরিচালনা করেন, প্রাক্তন প্রধান ও তাঁর স্বামী কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করেন এবং সচিবজি পুরো বিষয়টি কীভাবে সামলান—তা জানার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাচ্ছে সিরিজটির নতুন সিজন।