‘দেশের ভাল চাইলে বিপক্ষে ভোট দিন!’ স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক রাহুল গান্ধি

ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে-র অবস্থান বদলানোর চেষ্টা কাজে এল না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পর রাহুলের বক্তব্য, ডিলিমিটেশনের নামে গণতন্ত্রকে ধ্বংস করার কৌশল নেওয়া হচ্ছে। বিজেপি নিজেদের মতো করে দেশের গণতন্ত্রের চরিত্র বদলে দিতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রাহুলের কথায়, “আমি স্ট্যালিনকে অনুরোধ করেছি, যাতে তিনি ডিলিমিটেশনকে সমর্থন না করেন। এটা গণতন্ত্র হত্যার কৌশল। তামিল সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। দক্ষিণের অধিকার রক্ষার জন্য এই বিলকে সমর্থন না করার অনুরোধ জানিয়েছি আমরা।”

বিজেপি ও আরএসএসকে কী নিশানা করলেন রাহুল?

ডিলিমিটেশন বিলের বিরোধিতা করে বিজেপি এবং আরএসএসকেও আক্রমণ করেছেন রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, আরএসএস তামিল সংস্কৃতি ও ভাষার বিরোধী। বিজেপিকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতে না দেওয়ার আহ্বান জানিয়ে রাহুল বলেন, বিজেপিকে নিজেদের মতো করে কাজ করতে দেওয়া হলে দেশের গণতন্ত্র শেষ হয়ে যাবে। এই বিল তামিল সংস্কৃতি ও ভাষার জন্যও বিপজ্জনক বলে দাবি করেন তিনি।

রাহুলের আরও দাবি, “৮৫০টি আসন গঠনের বিষয়টি বিজেপির হাতে ছেড়ে দেওয়া ভারত এবং তামিলনাড়ু—দু’টির পক্ষেই ক্ষতিকর। বিজেপি গণতন্ত্রের চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে। এই নোংরা পরিকল্পনা হতে দেওয়া উচিত নয়।”

বৈঠকে কী অবস্থান নিলেন এম কে স্ট্যালিন?

ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক শেষ হয়েছে রাহুল গান্ধিদের। সূত্রের খবর, স্ট্যালিনের মন গলাতে পারেননি রাহুলরা। ডিলিমিটেশন বিলের পক্ষেই রয়েছেন ডিএমকে প্রধান।

  • তামিলনাড়ুর পক্ষে অবস্থান: স্ট্যালিনের বার্তা, এই বিল তামিলনাড়ুর পক্ষে।

  • অভিমানের বরফ: ভাই বলে একে অপরকে সম্বোধন করেও শেষ পর্যন্ত অভিমানের বরফ গলেনি বলে সূত্রের খবর।

  • স্ট্যালিনের প্রশ্ন: বৈঠকে স্ট্যালিন প্রশ্ন তুলেছেন, ‘এখন আর ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা কোথায়?’