রাত ১২টায় জন্মদিনের উইশ এবার অটোমেটিক! হোয়াটসঅ্যাপে এল দুর্দান্ত মেসেজ শিডিউল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে নয়া সুবিধা। এবার থেকে ব্যবহারকারীরা মেসেজ শিডিউল করে রাখতে পারবেন। মেসেজ লিখে নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নিলেই নির্ধারিত সময়ে তা পৌঁছে যাবে। একটি ব্লগ পোস্টে সংস্থা জানিয়েছে, দীর্ঘদিন ধরে বহু ব্যবহারকারী এই ফিচারের দাবি জানিয়ে আসছিলেন।

সাধারণত ইমেল পাঠানোর ক্ষেত্রে এই ধরনের শিডিউলিং ফিচার বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন টাইম জোনে কাজ করা বা নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানোর ক্ষেত্রে এটি কাজে আসে। তবে হোয়াটসঅ্যাপ এই ফিচারের ক্ষেত্রে মূলত ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের দিকটিই গুরুত্ব দিয়ে তুলে ধরেছে।

কেন ও কীভাবে কাজে লাগবে এই ফিচার?

সংস্থার বক্তব্য, কিছু মেসেজ সঙ্গে সঙ্গে না পাঠিয়ে পরে পাঠানোই বেশি সুবিধাজনক। যেমন, রাত ১১টায় কারও পরের দিনের পরীক্ষার কথা মনে পড়লে শুভেচ্ছা বার্তা লিখে রাখা যায়, অথবা বন্ধুর জন্মদিনে ঠিক রাত ১২টায় উইশ করার জন্য আগে থেকেই মেসেজ সেট করে রাখা যায়।

গত ২৫ নভেম্বর এই ফিচার আনার ঘোষণা করে হোয়াটসঅ্যাপ, যদিও তার আগেই হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু ছিল। কীভাবে এই ফিচার ব্যবহার করা যাবে, তাও জানানো হয়েছে:

  • সেন্ড বাটনে চাপ: হোয়াটসঅ্যাপে মেসেজ লেখার পর সেন্ড বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে।

  • তারিখ ও সময় নির্ধারণ: এরপর যে মেনু আসবে, সেখান থেকে মেসেজ পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।

ছবি-ভিডিয়ো থেকে ফোন বন্ধ থাকা—কী কী বাড়তি সুবিধা রয়েছে?

এই ফিচারে শুধু টেক্সট নয়, ছবি ও ভিডিয়োও শিডিউল করা যাবে। মেসেজ লেখার পর ১০ মিনিট থেকে ১৪ দিন পর্যন্ত আগাম সময় নির্ধারণ করা যাবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও এই সুবিধা ব্যবহার করা যাবে।

পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে সংস্থা। যাকে মেসেজ পাঠানো হচ্ছে, তিনি বুঝতে পারবেন না যে মেসেজটি আগে থেকে শিডিউল করা ছিল কি না। নির্ধারিত সময়ের আগে চাইলে শিডিউল করা মেসেজ দেখে নেওয়া বা ডিলিটও করা যাবে। এমনকি ফোন বন্ধ থাকলেও বা ফোনের চার্জ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর প্রক্রিয়া চালু থাকবে।