গঙ্গার বুকে উদাসীন মোদী! ক্যামেরা হাতে মাঝিদের সঙ্গে খোশগল্পে মাতলেন প্রধানমন্ত্রী!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে এখন সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের ঝোড়ো ইনিংসের মাঝেই শুক্রবার সকালে কলকাতার রাজপথ ও গঙ্গার ঘাটে দেখা গেল এক পর্যটক মোদীকে। কখনও ক্যামেরা হাতে গঙ্গার ঢেউয়ের ছবি তুলছেন, আবার কখনও মাঝিদের সঙ্গে কথা বলে তাঁদের কষ্টের কথা শুনছেন।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় ঠাসা কর্মসূচির পর প্রধানমন্ত্রী দিল্লি ফিরে যাননি। তিনি রাত্রিযাপন করেছিলেন কলকাতার রাজভবনে। শুক্রবার সকালে সূর্যের আলো ফুটতেই প্রধানমন্ত্রী পৌঁছে যান হুগলি নদীর তীরে। পরনে সাধারণ পোশাক, কাঁধে দামী ক্যামেরা—পুরোদস্তুর ফোটোগ্রাফারের বেশে গঙ্গা বিহার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ার করে মোদী লিখেছেন, “আজ সকালে কলকাতায় মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। হুগলি নদীর তীরে সময় কাটালাম। প্রাতঃভ্রমণকারী এবং মাঝিদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগল।”
প্রধানমন্ত্রীর ক্যামেরায় এদিন ধরা পড়েছে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) এবং রবীন্দ্র সেতুর অসাধারণ কিছু মুহূর্ত। তিনি কেবল ছবি তুলেই ক্ষান্ত হননি, স্থানীয় মাঝিদের পরিশ্রমের ভূয়সী প্রশংসাও করেছেন। এই ‘গঙ্গা বিহার’ আদতে দ্বিতীয় দফার নির্বাচনের আগে কলকাতার মানুষের সঙ্গে আত্মিক যোগাযোগ তৈরির এক অভিনব প্রয়াস বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে এই সৌজন্য সাক্ষাতের পরই প্রধানমন্ত্রী নেমে পড়েন রাজনৈতিক ময়দানে। আজ উত্তর ২৪ পরগনার পানিহাটির অমরবতী মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখানে বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সমর্থনে প্রচার করবেন মোদী। প্রধানমন্ত্রীর এই সফরের কারণে সকাল থেকেই কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা ও হাওড়া সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ভোটগ্রহণ। তার আগে মোদীর এই কলকাতা সফর এবং মাঝিদের সঙ্গে জনসংযোগ নিশ্চিতভাবেই বিজেপি শিবিরের পালে বাড়তি হাওয়া যোগাবে।