‘কোথায় অভিযোগ হবে অভিযুক্ত ঠিক করতে পারে না!’ ক্লাউড স্পেস প্রতারণায় কড়া সুপ্রিম কোর্ট

কোন স্থানে অভিযোগ দায়ের করবেন, তা কোনও অভিযুক্ত ঠিক করতে পারে না—শুক্রবার এই স্পষ্ট পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ‘ভার্চুয়াল ক্লাউড স্পেস’ বিক্রির নামে কথিত বিনিয়োগ প্রতারণা মামলায় এক অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া এফআইআরগুলো একত্রিত করার আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চ ভূমি উৎপলভাই প্যাটেলের দায়ের করা আবেদনের শুনানি করছিল। গুজরাট ও হরিয়ানায় দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর ক্ষেত্রে স্বস্তি চেয়ে আবেদন করেছিলেন ওই আবেদনকারী।

দুই রাজ্যে দায়ের হওয়া এফআইআর একত্রিত করার নির্দেশ দিতে অস্বীকার করে বেঞ্চ জানায়, তদন্তের ধরনে মিল থাকলেই অভিযুক্তকে তার সুবিধা দেওয়া যায় না। আদালত স্পষ্ট করে দিয়েছে যে একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যে দায়ের হওয়া মামলাগুলো একত্রিত করার মতো উপযুক্ত প্রতিকার চাইলে আবেদনকারী সংশ্লিষ্ট এক্তিয়ারভুক্ত হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।

শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করে, সংগঠিত সাইবার অপরাধের ক্ষেত্রে আইনকে যথাসম্ভব কঠোরভাবে প্রয়োগ করা উচিত। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, অভিযোগকারীরা কোথায় অভিযোগ করবেন, তা নির্ধারণ করার অধিকার কোনও অভিযুক্তের নেই। বিভিন্ন রাজ্যের পুলিশকে তাদের নিজস্ব এক্তিয়ারভুক্ত অপরাধের তদন্ত করা থেকেও আটকানো যাবে না। বিচারপতি বাগচীর কথায়, আলাদা আলাদা তদন্তে সাদৃশ্য থাকার অজুহাতে কোনও অভিযুক্তকে বাড়তি সুবিধা দেওয়ার পক্ষপাতী নয় আদালত, আর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার তদন্তকারী সংস্থাগুলোর। নমনীয় মনোভাবের আর্জি ফিরিয়ে দিয়ে তিনি সাফ জানান, অভিযুক্তকে কোনও রকম রেয়াত দেওয়ার প্রশ্নই ওঠে না; এ ধরনের অপরাধে আইনের পূর্ণ কঠোরতা প্রয়োগ হওয়া জরুরি।

আদালতের নথি অনুযায়ী, আবেদনকারীর বিরুদ্ধে গুজরাটের গান্ধীনগর এবং হরিয়ানার ফরিদাবাদের নিম্ন আদালতে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে যে প্যাটেল আত্মসমর্পণ করেছিলেন এবং হেফাজত সংক্রান্ত শংসাপত্রও আদালতের রেকর্ডে জমা দেওয়া হয়েছিল। বিচারাধীন বন্দি হিসেবে পাঁচ মাস পাঁচ দিন ধরে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং বর্তমানে গুজরাটের আহমেদাবাদ কেন্দ্রীয় কারাগারে বন্দি।