৭৫০ কোটি টাকার বড় বাজি! তিন রাজ্যে পাঁচটি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট গড়ছে ট্রুআরই ওরিয়ানা

নবায়নযোগ্য শক্তি সংস্থা ট্রুআরই ওরিয়ানা পাওয়ার লিমিটেড বিকল্প জ্বালানি ক্ষেত্রে নিজেদের পরিধি আরও বাড়াতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাটে পাঁচটি কম্প্রেসড বায়োগ্যাস (সিবিজি) প্ল্যান্ট স্থাপনের জন্য ৭৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। এই পাঁচটি কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে দৈনিক ১১০ টন। শুক্রবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই বছরের মধ্যে এই প্ল্যান্টগুলো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পগুলোর ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং সরকারি গোবর্ধন উদ্যোগের আওতায় অনুমোদনও মিলেছে।

এই পদক্ষেপ সৌরশক্তি এবং ব্যাটারি স্টোরেজের গণ্ডি ছাড়িয়ে জৈবশক্তি বা বায়ো-এনার্জির ক্ষেত্রে সংস্থার সম্প্রসারণকে তুলে ধরে। উল্লেখ্য, ভারত বর্তমানে জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে, দেশীয় জ্বালানি সরবরাহ শক্তিশালী করতে এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সচেষ্ট। ট্রুআরই ওরিয়ানা পাওয়ারের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রূপল গুপ্ত জানিয়েছেন, গ্রিন হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং সিবিজির মতো বিকল্প জ্বালানিকে উচ্চ সম্ভাবনাময় উদীয়েমান ক্ষেত্র হিসেবে দেখছে সংস্থা।

তাঁর কথায়, এই ক্ষেত্রগুলোতে ধারাবাহিকভাবে এগোচ্ছে সংস্থা এবং পাঁচটি নতুন প্ল্যান্ট স্থাপন গ্রিন ফুয়েলে শক্ত অবস্থান তৈরির কৌশলেরই অঙ্গ। আগামী কয়েক বছরে মোট উৎপাদন ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে কৌশলগত বিনিয়োগ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। এর আগে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে দৈনিক ২১ টন করে ক্ষমতাসম্পন্ন দুটি সিবিজি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে ট্রুআরই ওরিয়ানা পাওয়ার।