‘কে বদলাল ফর্ম ৬?’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা ‘স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন’ (SIR)-এর অংশ হিসেবে অনলাইনে সংশোধিত ‘ফর্ম ৬’ চালুর ঘটনায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, সংশোধিত ফর্ম ৬-এ সুপ্রিম কোর্ট কোনো অনুমোদন দেয়নি এবং আদালত ফাইল ও নথি খতিয়ে দেখতে চায় যে আইনবহির্ভূতভাবে এই ফর্মে কে বা কারা বদল এনেছিল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি দুই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে তাঁদের সাসপেন্ড করার যে আর্জি জানানো হয়েছিল, আদালত তা খারিজ করে দিলেও কমিশনকে নোটিস পাঠিয়ে জবাব তলব করেছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে যে, সংবাদমাধ্যমের কোনো প্রতিবেদনের ওপর ভিত্তি করে চটজলদি কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে এসআইআর এবং ফর্ম ৬-এ বেআইনি পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার অন-রেকর্ড লিখিত আপত্তি জানিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার—সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশী। এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সংবিধান অনুযায়ী তিন সদস্যের নির্বাচন কমিশনকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে হবে, আর তা না হলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। খবরের সত্যতা যাচাইয়ের জন্য কমিশন ও সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আগে দেখতে চায় আদালত। আদালতের এই পর্যবেক্ষণের ফলে সিইসি জ্ঞানেশ কুমারকে অবিলম্বে বরখাস্তের দাবিতে বিরোধীদের চাপ সাময়িকভাবে ধাক্কা খেয়েছে।