‘কে কোথায় কার সঙ্গে সেটিং করেছে ধরা যাচ্ছে না!’ রেজিনগরের প্রচারে বোমা ফাটালেন মদন মিত্র

আসন্ন রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক উত্তাপ। রবিবার গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে জোরকদমে প্রচার চালান বিধায়ক মদন মিত্র। এদিনের প্রচারের কেন্দ্রবিন্দুতে ছিলেন মদন মিত্র নিজে এবং তাঁর সঙ্গে থাকা এনসিপিআই সাংসদ আবু তাহের খান। হুডখোলা গাড়িতে পাশাপাশি বসে রেজিনগরের অলিগলিতে প্রচার সারেন তাঁরা। ওই একই গাড়িতে মদন মিত্রের একদিকে ছিলেন আবু তাহের এবং অন্যদিকে দেখা যায় আখরুজ্জামানকে।
প্রচারের মাঝেই বিস্ফোরক মেজাজে পাওয়া যায় দাপুটে নেতা মদন মিত্রকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে “কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে, তা আর পরিষ্কার করে ধরা যাচ্ছে না।” তবে সমস্ত জল্পনা উড়িয়ে তিনি দাবি করেন, রেজিনগরে ভোটের ফলাফল যাই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে আসল এবং একমাত্র গণতান্ত্রিক লড়াইটা তাঁরাই লড়ছেন।
উল্লেখ্য, রেজিনগর উপনির্বাচনে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সফিউজ্জামান শেখ। আর এই প্রার্থীকে জেতাতে এবং প্রচারে ঝড় তুলতে দলের হেভিওয়েট নেতাদের উপস্থিতি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিনের এই হাই-ভোল্টেজ রোড শো এবং মদন মিত্রের ‘সেটিং তত্ত্ব’ মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।