“কিডন্যাপিংয়ের মতো করে তুলে নিয়ে গেল!” দিল্লির প্রিজন ভ্যান থেকেই লাইভ ভিডিওতে ফুঁসে উঠলেন মমতা!

দিল্লিতে সিজেপি (CJP)-র বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নাটকীয় পরিস্থিতির মুখে পড়লেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশি বাধায় ধর্নায় বসার পর তাঁকে ও তাঁর দলের পাঁচ সাংসদকে আটক করা হয়।

আটকের পর একটি প্রিজন ভ্যানের ভিতর থেকে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে সরাসরি বাকস্বাধীনতার হরণ বলে তোপ দেগেছেন তিনি। প্রিজন ভ্যানের জানলার পাশে বসে থাকা অবস্থায় তাঁর সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন ও প্রতিমা মণ্ডল। ভ্যানের ভিতর থেকেই প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান— ‘করো লড়াই, করো লড়াই, যত দিন না বিজয়ী হও’ গেয়ে প্রতিবাদের সুর চড়ান তাঁরা।

পিনারাই বিজয়নের আটক হওয়ার তীব্র নিন্দা করে মমতা জানান, আগামী ২ নভেম্বর ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের পরবর্তী বৈঠকে সমস্ত কৌশল ঠিক করা হবে, এবং সেই রূপরেখা বাস্তবায়নের দায়িত্ব থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে।