কালী বিসর্জনের ঝামেলাতেই ফাঁস, হিন্দু সেজে ৭ বছর ধরে ভারতে থাকা ৫ বাংলাদেশি গ্রেফতার

হিলি সীমান্ত পেরিয়ে ভারতে এসে দীর্ঘ সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাস করছিলেন এক বাংলাদেশি মুসলিম পরিবারের পাঁচ সদস্য। সরকারি জমি দখল করে পাকা বাড়ি বানিয়ে তাঁরা স্থানীয়দের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন যে কারও মনে সামান্য সন্দেহও তৈরি হয়নি। শেষ পর্যন্ত কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি গোলমালের জেরে তাঁদের আসল পরিচয় প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে তাঁরা হিলি সীমান্ত দিয়ে এ দেশে প্রবেশ করেন। এরপর ত্রিমোহিনী পাওয়ার হাউজ এলাকায় রাস্তার পাশে থাকা সরকারি জমি দখল করে থাকতে শুরু করেন এবং ধীরে ধীরে সেখানে পাকা বাড়ি তৈরি করে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। এই সময়কালে নিজেদের নাম ও পরিচয় আড়াল করে হিন্দু পরিচয়েই পরিচিত ছিলেন তাঁরা। পাড়ার হিন্দুদের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিতেন ওই পরিবারের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকার কারণে তাঁরা কখনই বুঝতে পারেননি যে ওই পরিবারটি বাংলাদেশ থেকে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ও বিস্ময় ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর সকালে কালী প্রতিমা বিসর্জন ঘিরে সুমন সরকার এবং আকাশ দাস নামে দুই যুবকের মধ্যে হাতাহাতি শুরু হয়। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। খোঁজখবর নিতেই আকাশ দাস এবং তাঁর পরিবারের বাকি চার সদস্যের বাংলাদেশি পরিচয়ের বিষয়টি সামনে আসে। এরপর পুলিশ তাঁদের গ্রেফতার করে হোল্ডিং সেন্টারে পাঠায়। গোটা ঘটনায় ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।