প্রথমবার দিল্লিতে বালেন শাহ! মোদী-বৈঠকে কি ৮ বছরের জট খুলবে? বড় নজর ইপিজি রিপোর্টে

দুই দিনের সফরে রবিবার দিল্লিতে এসে পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ (বালেন শাহ)। চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ভারত সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফরে এসেছেন তিনি। আগামীকাল সোমবার দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বালেন শাহকে উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা। নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সফরসূচি অনুযায়ী, রবিবার সন্ধ্যায় যে হোটেলে তিনি অবস্থান করছেন, সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
আলোচনার কেন্দ্রবিন্দুতে কোন বিষয়গুলো?
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আট বছর ধরে অমীমাংসিত থাকা ইপিজি (EPG) প্রতিবেদনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া সড়ক ও বিমান সংযোগ বাড়ানো এবং নতুন পাইপলাইন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন অধ্যায় এবং অমীমাংসিত বিষয়গুলোর অগ্রগতি কোন পথে এগোয়, সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।