কালীপুজোর পরের দিন সকালেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো কৃষ্ণনগরের পালপাড়া এলাকা। নিয়ন্ত্রণহীন দ্রুত গতির একটি স্করপিও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে স্থানীয় দোকানের সিসি ক্যামেরায়। মৃতের নাম সুজিত মাহাতো, তাঁর বাড়ি কৃষ্ণনগরের বারুইহুদা এলাকায়।
বাসের জন্য দাঁড়িয়ে, পিষে দিল বেপরোয়া গাড়ি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশের একটি দোকানের সামনে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন সুজিত মাহাতো। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তাঁকে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি সোজা দোকানে ঢুকে গিয়ে উল্টে যায়।
গুরুতর জখম সুজিত মাহাতোকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরো দুর্ঘটনার মুহূর্তটিই দোকানে লাগানো সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে, যা দেখে স্তম্ভিত সকলে।
দীপাবলির রাতে পাঁশকুড়ায় বাইক দুর্ঘটনা, মৃত ১, আহত ৩
এদিকে, কালীপুজোর রাতেও রাজ্যের আরেক প্রান্তে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। দীপাবলির রাতে পাঁশকুড়া মেচগ্রাম রাজ্য সড়কের ওপর দুটি বাইকের সংঘর্ষে এক বাইক চালকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে তিন যুবক।
জানা গিয়েছে, পাঁশকুড়া বনমালী কলেজ থেকে মেচোগ্রামের দিকে আসার সময় বাইক দুটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে এবং পরে তমলুক মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উৎসবের মরসুমে এই জোড়া দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই এলাকায়।





