কলকাতা চলচ্চিত্র উৎসবে জালিয়াতির বিরাট ফাঁস, উদ্ধার ৩৫৭টি ভুয়ো কার্ড, নিরাপত্তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ

কলকাতা চলচ্চিত্র উৎসবে ফের ভুয়ো কার্ড চক্রের পর্দাফাঁস হলো। গত বছর যে সংখ্যা ছিল মাত্র ৫০, এবার তা এক লাফে সাত গুণেরও বেশি বেড়ে ৩৫৭টিতে দাঁড়িয়েছে। বিপুল সংখ্যক ভুয়ো ডেলিগেট, গেস্ট এবং প্রেস কার্ড উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উৎসব কর্তৃপক্ষ। কে বা কারা এই জালিয়াতির নেপথ্যে রয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে।

‘নিরাপত্তা নিয়ে চিন্তা’:

‘হালুম’ ছবির সাংবাদিক সম্মেলনের আগে প্রেস কর্ণারে উপস্থিত হয়ে নন্দনের ডিরেক্টর শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, “ফেস্টিভ্যালে সিনেমা দেখতে কোনও পয়সা খরচ করতে হয় না, ফ্রি পাস পাওয়া যায়। তবুও কেন এমন ঘটছে বুঝতে পারছি না। কোন উদ্দেশ্যে কারা এটা করছে আর কারা ঢুকে পড়ছে বোঝা যাচ্ছে না।”

ভুয়ো কার্ডধারীরা শুরুর দিন থেকেই হলে প্রবেশের চেষ্টা করছিলেন। কর্তৃপক্ষ মোট ৩৫৭টি জাল কার্ড বাজেয়াপ্ত করেছে। কার্ডগুলির মধ্যে কিছু ছিল গত বছরের পুরনো কার্ডের কালার ফটোকপি। নিরাপত্তা রক্ষীদের চোখে ধরা পড়তেই তারা পালানোর চেষ্টা করে।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতির উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “যেখানে বিনামূল্যে ছবি দেখা যায়, সেখানে টাকা খরচ করে ভুয়ো কার্ড বানানোর কী প্রয়োজন? আজ অবধি ৩৫৭টি কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ফেস্টিভ্যালের আরও তিন দিন বাকি আছে। সংখ্যা বাড়লে তা আরও দুশ্চিন্তার।” কর্তৃপক্ষ এবার সত্যিকারের সিনেমাপ্রেমী দর্শকদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন।