কলকাতায় মুষলধারে নামছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া! ঠিক কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

রাজ্যজুড়ে ফের আবহাওয়া অবনতির চরম বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী মাত্র দুই ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা হিসেবে ‘কমলা সতর্কতা’ বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, এই বৃষ্টির সময় উল্লেখিত জেলাগুলির বিভিন্ন প্রান্তে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি, পূর্ব বর্ধমান জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আকস্মিক এই দুর্যোগের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ এড়াতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির তীব্রতা বাড়লে দৃশ্যমান্যতা অনেকটাই কমে যেতে পারে, যার ফলে রাস্তায় চলাচলকারী গাড়ি ও পথচারীদের বাড়তি সতর্কাবস্থা অবলম্বন করার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।