এবার যমুনার বুকেও হাউস বোটের রোমাঞ্চ! দিল্লিতে চালু হচ্ছে ‘নমো যমুনা’ রিভার সাফারি

দিল্লিবাসী এবং পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে দিল্লি সরকার। শহরের সৌন্দর্য এবং ঐতিহাসিক ঐতিহ্যকে এক সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে উপভোগ করার উদ্দেশ্যে যমুনা নদীতে প্রথমবারের মতো শুরু হতে চলেছে বিশেষ ওয়াটার ক্রুজ পরিষেবা। ‘নমো যমুনা – রিভার সাফারি’ নামের এই ওয়াটার সাফারি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে সোমবার, ২৬ অক্টোবর থেকে সফলভাবে ট্রায়াল রান শুরু করা হয়েছে।

এই প্রকল্পটি দিল্লির অভ্যন্তরীন জলপথ পরিবহন এবং নদী-ভিত্তিক পর্যটন শিল্পকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সোনিয়া বিহার থেকে জগৎপুরের মধ্যে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই নদীপথে চালানো হবে বিলাসবহুল ক্রুজ। প্রতিটি ট্রিপ সম্পন্ন করতে সময় লাগবে আনুমানিক ৪০ মিনিট। সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখে মাথাপিছু ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০০ টাকা। প্রতিটি ক্রুজে একবারে সর্বোচ্চ ৩০ জন যাত্রী সফর করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার আগে আগামী ৪ থেকে ৫ দিন ধরে কড়া নিরাপত্তায় চলবে এই পরীক্ষামূলক ট্রায়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোনিয়া বিহার থেকে জগৎপুর পর্যন্ত পুরো রুটটি নিজে পরিদর্শন করেন এবং সোশাল মিডিয়ায় ট্রায়াল রানের শুভসূচনার কথা জানান। ক্রুজে যাত্রীদের নিরাপত্তা, জলপথের পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দিকে বিশেষ নজর দেওয়ার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সরকারের মূল লক্ষ্য হলো আসন্ন পবিত্র ছট মহোৎসবের আগেই এই পরিষেবাটি সাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা, যাতে উৎসবের দিনগুলোতে পরিবার নিয়ে মানুষ যমুনার বুকে এমন মনোরম রিভার ক্রুজের আনন্দ উপভোগ করতে পারেন।