সুপ্রিম কোর্টের যুগান্তকারী নির্দেশ! বিচারকদের অবসর বয়স বাড়ছে, কোন ১৪ রাজ্য দিল বড় সম্মতি?

দেশের বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটল ভারতের সুপ্রিম কোর্ট। জেলা আদালতের বিচারকদের অবসরের বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করার প্রস্তাবে ইতিমধ্যেই দেশের ১৪টি রাজ্য সবুজ সংকেত দেওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সিদ্ধান্ত রাজ্য ও বিচার বিভাগের মধ্যকার এক ইতিবাচক পদক্ষেপ, যা দেশের সামগ্রিক আইনি পরিষেবাকে আরও শক্তিশালী করবে।

গত ৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ, ছত্তীশগড়, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে যে সমস্ত বিচারক চলতি বছরের ৩১ মার্চের পর অবসর নিয়েছেন, তাঁরা চাইলে পুনর্নিয়োগের বিকল্প বেছে নিতে পারেন। তবে শর্ত হলো, অন্তর্বর্তী সময়ে তাঁরা অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারবেন না। সংশ্লিষ্ট হাই কোর্টের কর্মদক্ষতার মূল্যায়নের ওপর ভিত্তি করেই এই বিচারকরা ৬২ বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকার সুযোগ পাবেন।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিচারকদের বয়সবৃদ্ধির ক্ষেত্রে রাজ্যগুলি অর্থাভাব বা আর্থিক বোঝার অজুহাত দাঁড় করাতে পারবে না। শীর্ষ আদালতের মতে, সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৫ বছরে এবং হাই কোর্টের বিচারকরা ৬২ বছরে অবসর নেন, তাই জেলা আদালতের ক্ষেত্রে এই সংস্কার অত্যন্ত যৌক্তিক। বাকি রাজ্যগুলিকেও দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণের আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্ট।