প্রকাশ পর্বে গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শাহাদাত স্মরণ! দিল্লির মঞ্চে কী বড় বার্তা মোদীর?

প্রকাশ পর্বের পবিত্র লগ্নে সোমবার দিল্লিতে আয়োজিত একটি ‘শব্দ কীর্তন’ অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু নানক দেবের প্রকাশ পর্ব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শাহাদাত বার্ষিকীর প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুরুর বাণী ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন করে স্মরণ করান প্রধানমন্ত্রী।
প্রকাশ পর্বে শুভেচ্ছা ও শব্দ কীর্তনে যোগদান
দিল্লির লোক নিবাসে আয়োজিত ওই শব্দ কীর্তনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “গুরু নানক দেবের প্রকাশ পর্বের এই শুভ উপলক্ষে এই শব্দ কীর্তনে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পবিত্র পরিবেশে আমি গুরু নানকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই।”
গুরু পর্বের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি এই পবিত্র অনুষ্ঠানে শামিল হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তরঞ্জিত সিং সান্ধুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
গুরু তেগ বাহাদুরের শাহাদাতের ৩৫০ বছর
বক্তব্যে এই বছরের প্রকাশ পর্বের বিশেষ তাৎপর্য তুলে ধরেন নরেন্দ্র মোদী। তিনি জানান, এ বছর শ্রী গুরু তেগ বাহাদুরের শাহাদাতের ৩৫০ বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, “এই বছরের প্রকাশ পর্ব আরও একটি পবিত্র স্মৃতি নিয়ে এসেছে। এই বছর শ্রী গুরু তেগ বাহাদুর জির শহীদ হওয়ার ৩৫০ বছর পূর্ণ হলো। দিল্লির এই মাটিতেই গুরু সাহেব দেশের পরিচয় রক্ষার জন্য, বিশ্বাস, আস্থা এবং মূল্যবোধের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।”
তিনি আরও যোগ করেন যে, ৩৫০ বছর পেরিয়ে গেলেও গুরু তেগ বাহাদুরের সেই শাহাদাতের অনুপ্রেরণা আজও ভারতের মাটি ও দেশের প্রতিটি কণায় প্রোথিত রয়েছে এবং তাঁর এই আত্মত্যাগের কাছে দেশের প্রতিটি নাগরিক চিরকৃতজ্ঞ থাকবে।