এক চার্জে ৯১২ কিমি! বিএমডাব্লিউ-এর নতুন ই-কার কাঁপাবে বাজার, তাক লাগানো ফিচার্স জেনে নিন

বিশ্ববিখ্যাত বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিএমডাব্লিউ (BMW) আন্তর্জাতিক বাজারে নিয়ে এলো তাদের বহুপ্রতীক্ষিত ইলেকট্রিক সেডান ‘BMW i3 Neue Klasse’। ‘নিউ ক্লাস’ (Neue Klasse) বিশেষ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এটিই সংস্থার প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক ‘৩ সিরিজ’ সেডান। ঐতিহ্যবাহী ৩ সিরিজের আইকনিক ড্রাইভ অভিজ্ঞতার সাথে আধুনিক ডিজাইন, স্টেট-অফ-দ্য-আর্ট ডিজিটাল ফিচার এবং অত্যন্ত শক্তিশালী ইলেকট্রিক পাওয়ারটেইন যুক্ত করে বাজারে চমক দিয়েছে জার্মান এই ব্র্যান্ডটি।
শক্তিশালী ব্যাটারি ও অবিশ্বাস্য পারফরম্যান্স
নতুন এই ইলেকট্রিক সেডানে ব্যবহার করা হয়েছে ১০৮.৭ কিলোওয়াট-আওয়ার (kWh) ক্ষমতার বিশালাকার হাই-ভোল্টেজ ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি অনুযায়ী, বিশ্বমানের WLTP মানদণ্ডে গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে ৯১২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
গাড়িটির টপ ভ্যারিয়েন্ট ‘BMW i3 50 xDrive’-এ দেওয়া হয়েছে ডুয়াল-মোটর অল-উইলে ড্রাইভ (AWD) সিস্টেম। যা যৌথভাবে সর্বোচ্চ ৪৬২ বিএইচপি (462 bhp) পাওয়ার এবং ৬৪৫ এনএম (Nm) টর্ক উৎপন্ন করতে পারে। শক্তিশালী এই ইঞ্জিন গাড়িটিকে মাত্র ৪.৭ সেকেন্ডের মধ্যে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিবেগে পৌঁছাতে সাহায্য করে।
সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি
শুধু ড্রাইভিং রেঞ্জই নয়, চার্জিং প্রযুক্তিতেও নতুন মাইলফলক গড়েছে বিএমডাব্লিউ। ৮০০-ভোল্ট ইলেকট্রিক্যাল আর্কিটেকচারের সাহায্যে গাড়িটি ৪০০ কিলোওয়াট (kW) পর্যন্ত অতি দ্রুত গতিতে DC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উপযুক্ত চার্জারের মাধ্যমে মাত্র ১০ মিনিট চার্জ দিলেই গাড়িটি অতিরিক্ত ৪২৩ কিলোমিটার পথ চলার শক্তি অর্জন করে নেবে। এছাড়া এতে বাই-ডিরেকশনাল চার্জিং বা V2L সুবিধাও দেওয়া হয়েছে।
হাই-টেক ইন্টেরিয়র ও প্রিমিয়াম ফিচার্স
BMW i3-এর ভেতরে দেওয়া হয়েছে ভবিষ্যতমুখী ন্যূনতম (Minimalist) ডিজাইন। ড্যাশবোর্ডে নজর কাড়বে ড্রাইভারের দিকে বাঁকানো ১৭.৯-ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। পাশাপাশি উইন্ডশিল্ড জুড়ে তথ্য প্রজেক্ট করার জন্য থাকছে ‘BMW Panoramic Vision’ এবং একটি অত্যাধুনিক 3D হেড-আপ ডিসপ্লে। নতুন অপারেটিং সিস্টেম X দ্বারা পরিচালিত এই গাড়িতে ভয়েস কমান্ড ও অ্যামাজন অ্যালেক্সা+ ইন্টিগ্রেশন মিলবে। গান শোনার অভিজ্ঞতায় মাত্রা যোগ করতে রয়েছে ‘হারমান কারডন’ (Harman Kardon) সারাউন্ড সাউন্ড সিস্টেম।
অন্যান্য ভ্যারিয়েন্ট ও পাওয়ারটেইন
বিএমডাব্লিউ জানিয়েছে, ফ্ল্যাগশিপ i3 50 xDrive ছাড়াও ক্রেতাদের জন্য কম শক্তির ‘i3 40 xDrive’ ভ্যারিয়েন্টও উপলব্ধ থাকবে, যার আউটপুট ৩৭৪ বিএইচপি এবং রেঞ্জ প্রায় ৭১০ কিমি। বৈচিত্র্য রাখতে ইভি-র পাশাপাশি ৪৮-ভোল্ট মাইল্ড-হাইব্রিড প্রযুক্তির পেট্রোল ইঞ্জিন যুক্ত ‘BMW M350 xDrive’ মডেলও বাজারে ছাড়ছে সংস্থাটি। তবে আগামী দিনে একটি প্লাগ-ইন হাইব্রিড (PHEV) ভ্যারিয়েন্ট লঞ্চ করারও পরিকল্পনা রয়েছে তাঁদের।