একই রাতে ঘরে স্বামীর রক্তাক্ত দেহ, জঙ্গলে মিলল দ্বিতীয় পক্ষের স্ত্রীর মৃতদেহ! কোচবিহারে জোড়া রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

কোচবিহারের বক্সিরহাট থানার রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে এক রাতেই স্বামী ও তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সুনীল বিশ্বাস (৭০) এবং তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী জানকী বিশ্বাসের (৫২) জোড়া দেহ উদ্ধারের পর থেকেই দানা বেঁধেছে একাধিক রহস্য। সম্প্রতি পারিবারিক জমি বিক্রি করে পাওয়া মোটা অঙ্কের টাকার সঙ্গে এই মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সুনীল বিশ্বাস দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং পাশাপাশি দুটি পরিবার নিয়েই থাকতেন। পেশায় মুদির দোকানদার ও সুদ ব্যবসায়ী সুনীল সম্প্রতি বেশ কিছু জমি বিক্রি করেন, যার একটি বিরাট অঙ্কের টাকা তাঁর কাছেই ছিল। শনিবার রাতের অন্ধকারে এই টাকার লোভেই খুন হতে হয়েছে কি না, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। রবিবার সকালে ঘরের ভেতর থেকে সুনীলের রক্তাক্ত দেহ এবং বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের ভিতর থেকে জানকীর মৃতদেহ উদ্ধার করে জোড়াই ফাঁড়ির পুলিশ।
মৃতের ছেলে সজল বিশ্বাস জানান, সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় এবং পরে ভেতরে ঢুকে বাবার রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর খোঁজাখুঁজির পর জঙ্গলে দ্বিতীয় পক্ষের স্ত্রীর দেহ মেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।