একই পরিবারে দুই টিকিট? পদ্ম-শিবিরে লড়ার ইচ্ছা প্রকাশ দিলীপ-জায়া রিঙ্কুর, জল্পনা তুঙ্গে!

বঙ্গ রাজনীতিতে এবার নতুন সমীকরণ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বিজেপির প্রার্থী তালিকায় বড় চমকের ইঙ্গিত। পদ্ম-চিহ্নে লড়াই করতে চেয়ে আবেদন জমা দিয়েছেন খোদ দিলীপ ঘোষের স্ত্রী তথা রাজ্য মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। ২০১৩ সাল থেকে বিজেপির সক্রিয় কর্মী রিঙ্কু গত বছর এপ্রিলে দিলীপ ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবার সরাসরি নির্বাচনী ময়দানে নামার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
নিজের প্রার্থী হওয়া নিয়ে রিঙ্কু মজুমদারের সাফ কথা, “সম্ভাবনা ফিফটি-ফিফটি। মহিলাদের জন্য সংরক্ষিত আসনে দল সুযোগ দিলে আমি লড়াই করতে প্রস্তুত।” অন্যদিকে, স্ত্রীর প্রার্থীপদ নিয়ে দিলীপ ঘোষের মেজাজ বরাবরের মতোই সটান। তিনি জানান, ড্রপবক্সে প্রায় সাড়ে তিন হাজার নাম জমা পড়েছে। রিঙ্কু দলের পুরনো কর্মী হিসেবে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন মাত্র। দল যাকে যোগ্য মনে করবে, টিকিট তাকেই দেবে।
দিলীপের ভবিষ্যৎ কী?
স্ত্রী টিকিট পান বা না পান, মেদিনীপুরের ‘দাদা’ নিজে কোন আসন থেকে লড়বেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে হারের পর দিলীপ ঘোষ কিছুটা কোণঠাসা হলেও, রাজ্য রাজনীতিতে তাঁর প্রাসঙ্গিকতা কমেনি। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর ফের ময়দানে সক্রিয় দেখা যাচ্ছে তাঁকে। প্রার্থী চয়ন নিয়ে দিলীপের মন্তব্য, “জেলা ও প্রদেশ স্তরে আলোচনার পর সংসদীয় বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” এখন দেখার, ২০২৬-এর বিধানসভায় ঘোষ পরিবার থেকে ক’জন বিধানসভার টিকিট পান।