উৎসবের রাতেই চরম শিক্ষা! হাজারেরও বেশি মামলায় কড়া ব্যবস্থা কলকাতা পুলিশের

কালীপুজোর ঘোর কাটার পরদিনও শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে টানা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি ফাটানো, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ৩২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি বিপুল পরিমাণের বেআইনি মদ ও নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে লালবাজার।

পুলিশ সূত্রে খবর, গত ৯ নভেম্বর দিনভর অভিযানে মোট ৩২৭ জন গ্রেফতার হয়। এর মধ্যে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ৭৪ জন এবং মাতলামি ও বিশৃঙ্খলা ছড়ানোর দায়ে ২৫৩ জনকে ধরা হয়েছে। অভিযানে প্রায় ১০৫.১ কেজি নিষিদ্ধ বাজি ও ৪৬.০৭৫ লিটার অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ৮৯০টি মামলা রুজু করেছে। যার মধ্যে বিনা হেলমেটে বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়া ড্রাইভিংয়ের একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের নিরাপত্তা বজায় রাখতে স্পর্শকাতর এলাকাগুলোতে সার্বক্ষণিক নাকা চেকিং ও সিসিটিভি নজরদারি অব্যাহত থাকবে।