উৎসবের মরসুমে রেকর্ড ভেঙে চুরমার! ১ কোটি ৮২ লক্ষ যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়ে ইতিহাস গড়ল নর্দার্ন রেল!

২০২৬ সালের পুজো এবং উৎসবের মরসুমে যাত্রীদের উপচে পড়া ভিড় সফলভাবে সামাল দিয়ে এক নতুন নজির গড়ল নর্দার্ন রেলওয়ে (Northern Railway)। এই মরসুমে উত্তর রেল প্রায় ১ কোটি ৮২ লক্ষ (১৮.২ মিলিয়ন) যাত্রীর সুষ্ঠু, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ সফলভাবে নিশ্চিত করেছে। কৌশলগতভাবে পরিকাঠামো শক্তিশালী করা, বিশেষ ট্রেনের সংখ্যা ব্যাপকহারে বাড়ানো, অতিরিক্ত কোচ সংযোজন এবং যাত্রীদের চাহিদার ওপর রিয়েল-টাইম নজরদারির মাধ্যমেই এই অভাবনীয় সাফল্য এসেছে। রেলওয়ের এই পারফরম্যান্স আগের বছরের সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে।
বিশেষ ট্রেন পরিচালনায় ঐতিহাসিক বৃদ্ধি অন্যান্য জোনাল রেলওয়ের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে চলতি বছর উৎসবের মরসুমে পরিষেবা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছিল নর্দান রেলওয়ে। ২০২৬ সালের উৎসব মরসুমে মোট ৭,০৮৫ বার বিশেষ ট্রেন চালানো হয়েছে—যা গত বছরের একই সময়ে চালিত ৪,৬৬৬ বার বিশেষ ট্রেনের তুলনায় অনেকটাই বেশি। উৎসবকালীন নজিরবিহীন ভিড় সামাল দিতে এ বছর প্রতিদিন গড়ে প্রায় ৫৪টি করে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো হয়েছে।
১০ লক্ষ যাত্রী বাড়ল, বৃদ্ধি দৈনিক গড়েও নিয়মিত ও বিশেষ পরিষেবা মিলিয়ে এ বছর মোট যাত্রীর সংখ্যা ছুঁয়েছে প্রায় ১ কোটি ৮২ লাখে, যা গত বছরের ১ কোটি ৭২ লাখের তুলনায় প্রায় ১০ লক্ষ বেশি। পরিসংখ্যান বলছে, প্রতিদিন ট্রেন ভ্রমণ করা যাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার থেকে বেড়ে ৪ লক্ষ ১৪ হাজারে উন্নীত হয়েছে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২২,৭০০ জন যাত্রী নির্বিঘ্নে ভ্রমণের সুযোগ পেয়েছেন। মোট যাত্রীর মধ্যে প্রায় ১ কোটি ৬৬ লক্ষ মানুষ নিয়মিত রেল পরিষেবায় যাতায়াত করেছেন এবং ১২ লক্ষ ৮৩ হাজার যাত্রীকে বিশেষ ‘ট্রেন অন ডিমান্ড’ (ToD) পরিষেবার মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
কোচ সংযোজনে ৩৭২ শতাংশ উল্লম্ফন অধিক চাহিদাসম্পন্ন রুটগুলোতে যাত্রী ধারণক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। উৎসবের মরসুমে নিয়মিত ট্রেনগুলোতে মোট ৫৮১টি অতিরিক্ত কোচ যুক্ত করেছে নর্দার্ন রেলওয়ে। গত বছর যেখানে মাত্র ১২৩টি কোচ যুক্ত করা হয়েছিল, সেখানে এ বছর কোচ সংযোজনের হার এক ধাক্কায় প্রায় ৩৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সঠিক পরিকল্পনা এবং ভিড়ের ওপর কড়া রিয়েল-টাইম নজরদারির ফলেই উৎসবের মরসুমে লক্ষ লক্ষ মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।