উৎসবের ভিড়েও তিল ধারণের জায়গা ছিল না! দেশের কোন স্টেশনের তাক লাগানো মডেলে অবাক রেলমন্ত্রক?

দিওয়ালি ও ছট পূজার মতো উৎসবের মরসুমে দেশের বড় বড় রেল স্টেশনগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় সামলানো বরাবরই রেল কর্তৃপক্ষের কাছে একটি বড় চ্যালেঞ্জ। সাধারণ সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উৎসবের দিনগুলিতে স্টেশন চত্বরে তিল ধারণের জায়গা থাকে না। তবে চলতি বছর গুজরাটের সুরাটের উধনা রেলওয়ে স্টেশন ভিড় ব্যবস্থাপনার এক অনন্য ও সফল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা এখন গোটা দেশের কাছে ‘রোল মডেল’ হয়ে উঠেছে। ২০২৬ সালের ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে মাত্র ১৫ দিনের ব্যবধানে এই স্টেশন থেকে ৭ লক্ষেরও বেশি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
বিশেষ ট্রেন ও যাত্রী পরিবহনের রেকর্ড উৎসবের মরসুমে বাড়ি ফেরা মানুষের বাঁধভাঙা ভিড় সামাল দিতে পশ্চিম রেলের পক্ষ থেকে উধনা স্টেশনে বিশেষ ও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই ১৫ দিনের মধ্যে এই স্টেশন থেকে মোট ৬২টি বিশেষ ট্রেন চালানো হয় এবং ১৩৬টি নিয়মিত ট্রেনও সাফল্যের সঙ্গে চলাচল করে। শুধু তাই নয়, সামগ্রिकভাবে পশ্চিম রেল এই সময়ে ২৬১টি বিশেষ ট্রেন চালিয়ে অতিরিক্ত ৪ লক্ষ ২০ হাজার যাত্রীকে নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছে দিয়েছে।
দেশের বৃহত্তম হোল্ডিং এরিয়া ও পরিকাঠামো উধনা স্টেশনের এই অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে এর অত্যাধুনিক পরিকাঠামো। স্টেশনটিতে ভিড় নিয়ন্ত্রণ করতে তৈরি করা হয়েছে দেশের বৃহত্তম যাত্রী অপেক্ষা কেন্দ্র বা হোল্ডিং এরিয়া। প্রায় ১০,২২৪ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল যাত্রী সুবিধা কেন্দ্রে এককালীন প্রায় ১৫,০০০ যাত্রী নিরাপদে অপেক্ষা করতে পারেন। উৎসবের দিনগুলিতে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উধনা স্টেশনের এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা যেভাবে কাজ করেছে, তাতে রেল কর্তৃপক্ষ এখন দেশের অন্যান্য প্রধান ও জনবহুল স্টেশনগুলিতেও এই ‘উধনা মডেল’ (Udhna Model) বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।