উদ্বেগ বাড়িয়ে ফের কি বড় বিপদের আশঙ্কা? প্লাবিত নিম্ন দামোদর, বন্যা পরিস্থিতি নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

প্রবল বর্ষণে ফের জলবন্দি বাংলার একাধিক এলাকা। বিশেষ করে নিম্ন দামোদর উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়। উদ্ভূত এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার জলসম্পদ ভবনে জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মালদার মানিকচকে ১৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির ও খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর এবং হুগলির খানাকুলের কিছু অংশ বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে বইলেও স্বস্তির বিষয় যে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে। পাশাপাশি, জলমগ্ন এলাকায় সাপের উপদ্রব মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

ডিভিসি-র প্রশংসায় মুখ্যমন্ত্রী:
এদিন ডিভিসির ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, অতি ভারী বৃষ্টি এবং জলের প্রবল চাপ সত্ত্বেও একটিও বাঁধ ভাঙেনি। ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমানোর ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, অতীতে জুলাই-অগাস্ট মাসে বর্ষার সময়ে প্রায়শই বাঁধ ভেঙে বালির বস্তা ফেলে পরিস্থিতি সামলাতে হতো, যা এবার হয়নি। তবে এখানেই শেষ নয়, আগামী সেপ্টেম্বরের শেষের দিকে ফের নতুন বিপদের আশঙ্কা থাকতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।