‘ইন্ডি’ জোটের পরেই রাজপথে পদ্ম ঝড়! বিরোধীদের চক্রান্ত রুখতে অমিত শাহ-নিতিন নবীনের মহাসংগ্রাম!

গতকালই দিল্লির রামলীলা ময়দানে সম্মিলিত শক্তি প্রদর্শন করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধী ‘ইন্ডি’ জোট। মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা দাবি থেকে শুরু করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাসকদলকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ বিরোধী নেতারা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই রাজ রাজনৈতিক আক্রমণের কড়া জবাব দিতে সোজা রাজপথে নামছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ‘নৈরাজ্য শেষ করে গণতন্ত্র বাঁচানোর’ স্পষ্ট বার্তা নিয়ে সোমবার দেশজুড়ে একযোগে সুবিশাল প্রতিবাদ মিছিল ও শক্তি প্রদর্শনের ডাক দিয়েছে গেরুয়া শিবির।
বিজেপি শীর্ষ নেতৃত্বের এই পাল্টা চালের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। কেন্দ্রীয়ভাবে কোনো একটি নির্দিষ্ট জায়গায় সভা না করে, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজ্যে আলাদা আলাদা হাইভোল্টেজ কর্মসূচির মাধ্যমে বিরোধীদের জোরালো বার্তা দেওয়ার রণকৌশল নিয়েছেন মোদী-শাহ জুটি। সেই অনুযায়ী, সোমবার হায়দরাবাদের রাজপথে বিশাল প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন অমিত শাহ। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি-সহ দক্ষিণ ভারতের শীর্ষ নেতৃত্ব।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ ও বিহার—এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যের মিছিলে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন বিজেপি সভাপতি নিতিন নবীন। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টায় বিহারের ভাগলপুরের লাজপথ পার্ক থেকে সেবাজ্যোতি চক পর্যন্ত সুবিশাল মিছিলে হাঁটবেন তিনি। এরপর সোজা বিমানে পৌঁছাবেন কলকাতায়। বিকেল ৩টেয় ঐতিহাসিক কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত পৌঁছাবে তাঁর নেতৃত্বাধীন পদ্ম শিবিরের এই মহামিছিল।
রবিবার রামলীলা ময়দান থেকে রাহুল গান্ধী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, প্রধানমন্ত্রীকে দেশের মানুষ ছাড়বেন না এবং মমতার দাবি ছিল ভোট চুরি করে বাংলায় তৃণমূলকে সরানো হয়েছে। পাল্টা তোপ দেগে বিজেপি নেতা সম্বিত পাত্র দাবি করেন, রাহুল গান্ধী মুঘল সাম্রাজ্যের বংশধরদের ভাষায় কথা বলছেন। শুধু তাই নয়, শিখ-বিরোধী হিংসার বর্ষপূর্তির দিনে বিরোধী জোটের রাজনৈতিক সমাবেশ নিয়েও তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। বিরোধীদের এই সমস্ত অভিযোগ ধুলোয় মিশিয়ে দিতেই এবার দেশজুড়ে মহাসংগ্রামে বিজেপি।