ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’! ৯ ডিসেম্বর বিধানসভায় বড় প্রস্তাব আনছে রাজ্য, কী বললেন শুভেন্দু?

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হলো রাজ্যে। এবার ইংরেজিতেও রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ (‘Paschim Banga’) রাখার প্রস্তাব আনা হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
কবে আসছে নাম বদলের প্রস্তাব?
মুখ্যমন্ত্রী জানান, আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিধানসভার শীতকালীন অধিবেশন চলবে। ওই অধিবেশনেই ৯ ডিসেম্বর রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করা হবে। পাশাপাশি শীতকালীন অধিবেশনে মোট আটটি নতুন বিল আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
আশ্রমের খাবারে বরাদ্দ বৃদ্ধি
নাম বদলের প্রস্তাবের পাশাপাশি বিভিন্ন অনাথ আশ্রম ও প্রতিবন্ধীদের আশ্রমের আবাসিকদের খাবারের বরাদ্দ বাড়ানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে এই খাবারের জন্য দৈনিক বরাদ্দ ছিল ৫৬ টাকা, তা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে। শুভেন্দু অধিকারীর কথায়, “২০১৭ সালের পর থেকে বরাদ্দ বাড়ানো হয়নি। এবার তা বাড়ানো হচ্ছে।”
কর্মসংস্থান ও নিয়োগের বার্তা
এ দিনের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে কর্মসংস্থানের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন দফতরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর) ও পুলিশে প্রায় ৯,২০০ পদ, অ্যান্টি-নার্কোটিক শাখায় ৪৮টি পদ ছাড়াও সাইবার ও পর্যটন দফতরের পদ রয়েছে। পিএসসি, পিআরবি, স্বাস্থ্য দফতরের নিয়োগ এবং কিছু চুক্তিভিত্তিক নিয়োগের কথা উল্লেখ করে ধাপে ধাপে এক লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।