‘বাহুবলীর মতো আচরণ বন্ধ করুন!’ পুলিশ সুপারকে শাস্তি দেওয়ায় বিহারের বিচারককে সুপ্রিম ধমক

আদালতের নির্দেশ পালন না করার অভিযোগে পুলিশ সুপারকে শাস্তি দেওয়ার ঘটনায় বিহারের এক অতিরিক্ত দায়রা বিচারকের এক্তিয়ার ও আইনি জ্ঞান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শুনানিকালে শীর্ষ আদালত বিচারকের আইনজীবীকে স্পষ্ট ভাষায় জানায়, বিচারককে যেন ‘বাহুবলী’র মতো আচরণ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।
কী নিয়ে বিতর্কের সূত্রপাত?
ঘটনাটি বিহারের রোহতাস জেলার সাসারাম আদালতের। সেখানে চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারক একটি অপহরণ মামলার বিচার চলাকালীন অভিযোগ ওঠে যে, সাক্ষ্য দেওয়ার সময় নির্যাতিতা আগের বয়ান বদলে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে এফআইআর দায়ের করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিচারক।
পুলিশ সেই নির্দেশ কার্যকর করেনি বলে অভিযোগ তুলে তৎকালীন পুলিশ সুপার রৌশন কুমারের বিরুদ্ধে পদক্ষেপ নেন বিচারক। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ৩৮৪ নম্বর ধারার আওতায় পুলিশ সুপারকে দোষী সাব্যস্ত করে ১ টাকা প্রতীকী জরিমানা করা হয় এবং জেলা শাসকের বিরুদ্ধেও পদক্ষেপের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ ওঠে।
পাটনা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা
নিম্ন আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে পাটনা হাই কোর্টে মামলা হলে হাই কোর্ট বিষয়টিতে স্থগিতাদেশ দেয় এবং জানায়, মূল রায় ও নির্দেশ যখন উচ্চ আদালতে বিচারাধীন, তখন সেই বিষয়ে নতুন করে এমন পদক্ষেপ কীভাবে নেওয়া হলো। এরপর পাটনা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সংশ্লিষ্ট বিচারক।
সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ
সোমবার শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচী এবং শীর্ষ আদালতের বেঞ্চ বিচারকের আইনি ব্যাখ্যা ও তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি বাগচীর প্রশ্ন, এফআইআর দায়েরের নির্দেশ না মানলেই কি তা আদালতের সামনে সংঘটিত অপরাধ বলে গণ্য করা যায়? তাঁর মতে, এজলাসে কাউকে মারধর করা, বিচারককে অপমান করা বা আদালত ছাড়তে বললেও না যাওয়ার মতো ঘটনা আদালতের সামনে সংঘটিত অপরাধের মধ্যে পড়তে পারে, কিন্তু প্রতিটি নির্দেশ অমান্যকে একই শ্রেণিতে ফেলা যায় না।
বেঞ্চ আরও জানায়, বিএনএসএসের ৩৮৪ নম্বর ধারা (পুরনো ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারা) এবং আদালতের সামনে সংঘটিত অপরাধ ও নির্দেশ অমান্যের মধ্যে আইনি পার্থক্য স্পষ্টভাবে বোঝা জরুরি। নিজের এক্তিয়ারের সীমা না বুঝে আধিকারিককে তলব ও একই দিনে দোষী সাব্যস্ত করার মতো পদক্ষেপ উদ্বেগজনক বলে মন্তব্য করে শীর্ষ আদালত।