ইঁদুর তাড়ানোর সহজ ও কার্যকরী ৪টি কৌশল, সুরক্ষিত রাখুন গাড়ির ওয়্যারিং

গাড়ি চালানোর সময় হঠাৎ চেক ইঞ্জিন লাইট জ্বলে ওঠা, সেলফ স্টার্ট ধীর হয়ে যাওয়া কিংবা অ্যাক্সিলারেটর ঠিকমতো কাজ না করার পেছনে সবসময় সাধারণ যান্ত্রিক ত্রুটি থাকে না। অনেক সময় গাড়ির বনেটের ভেতরে লুকিয়ে থাকা ইঁদুরই এই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ইঁদুর তার, রাবারের হোজ এবং প্লাস্টিক কেটে বড়সড় ক্ষতি করতে পারে। বহু ক্ষেত্রে পুরো ইঞ্জিন ওয়্যারিং বদলাতে খরচ ২৫ হাজার টাকা থেকে বেড়ে ১.২০ লক্ষ টাকারও বেশি হয়ে যেতে পারে। গাড়িতে কেন ইঁদুর ঢোকে এবং তা ঠেকানোর সহজ উপায় কী কী, তা জেনে নেওয়া জরুরি।
গাড়ির ওয়্যারিং কেন কাটে ইঁদুর?
ইঁদুরের সামনের দাঁত সারাজীবন বাড়তে থাকে। দাঁতের দৈর্ঘ্য ঠিক রাখতে তারা রাবার, প্লাস্টিক ও ফোমের মতো নরম জিনিস কাটতে থাকে। গাড়ির বনেটের তারের আস্তরণ এবং রাবারের পাইপ তাদের কাছে সহজ মাধ্যম মনে হয়।
গাড়িতে ইঁদুর ঢোকা ঠেকানোর উপায়
তেতো স্বাদের র্যাট রিপেলেন্ট স্প্রে ব্যবহার করুন
ওয়্যারিং বাঁচাতে অটোমোটিভ রিপেলেন্ট স্প্রে একটি সহজ ও সাশ্রয়ী উপায়। এতে ডেনাটনিয়াম বেনজোয়েটের মতো অত্যন্ত তেতো উপাদান থাকতে পারে, যা শুকিয়ে যাওয়ার পর তার ও পাইপের ওপর এমন এক স্তর তৈরি করে যার স্বাদ ইঁদুরের অপছন্দ। ব্যবহারের আগে বনেটের অংশ ড্রাই-ওয়াশ বা ফোম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। ইঞ্জিন ঠান্ডা থাকলে খোলা তার, ফায়ারওয়াল প্যাড এবং হুইল আর্চের কাছে স্প্রে করে শুকোতে দিন। প্রতি দুই-তিন মাস অন্তর এটি ফের লাগান এবং বৃষ্টিতে ধুয়ে গেলে পুনরায় ব্যবহার করুন।
আলট্রাসনিক র্যাট রিপেলেন্ট ও স্ট্রোব লাইট
এটি একটি ইলেকট্রনিক ডিভাইস, যা গাড়ির ১২ ভোল্ট ব্যাটারি বা রিচার্জেবল সেলের সঙ্গে যুক্ত করা যায়। এটি ২০ থেকে ৬৫ কিলোহার্টজ ফ্রিকোয়েন্সির তীব্র শব্দ তৈরি করে, যা মানুষের কানে না এলেও ইঁদুরের অস্বস্তির কারণ হয়। কিছু যন্ত্রে ঝলমলে এলইডি স্ট্রোব লাইটও থাকে, ফলে অন্ধকার বনেটে ইঁদুর নিজেদের নিরাপদ মনে করে না। কেনার সময় লো-ভোল্টেজ প্রোটেকশন দেখে নেওয়া উচিত, যাতে ব্যাটারির ভোল্টেজ ১১.৮ ভোল্টের নিচে নামলে যন্ত্রটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ইঁদুর এই শব্দে অভ্যস্তও হয়ে উঠতে পারে।
স্টেইনলেস স্টিল মেশ দিয়ে পথ বন্ধ করুন
ইঁদুর আটকাতে ধাতব জালি বেশ কার্যকর। এসি-র ফ্রেশ এয়ার ইনটেক এবং ইঞ্জিন এয়ার ইনটেক দিয়ে ঢুকে তারা কেবিন ফিল্টার, এয়ার ডাক্ট এবং ড্যাশবোর্ডের পেছনের তার নষ্ট করতে পারে। এই জায়গাগুলিতে সূক্ষ্ম স্টেইনলেস স্টিল মেশ বসানো যেতে পারে, যা ইঁদুর সহজে কাটতে পারে না। বহু জনপ্রিয় গাড়ির জন্য কাস্টম মেশ কিটও পাওয়া যায়, যা এসি ইনটেক ও নিচের অংশে লাগানো যায়।
গাড়ির পরিচ্ছন্নতা ও পার্কিংয়ে সতর্কতা
গাড়ির ভেতরে খাবারের টুকরো বা র্যাপার ফেলে রাখবেন না এবং ম্যাট ও কেবিন পরিষ্কার রাখুন। আবর্জনার স্তূপ, সবজি বাজার বা খোলা নালার পাশে গাড়ি পার্ক করা এড়িয়ে চলুন এবং সম্ভব হলে খোলা ও আলোকিত জায়গা বেছে নিন।