মায়ের চিতার দিকে অপলক চেয়ে যোগী আদিত্যনাথ! হরিদ্বারে শেষকৃত্য সম্পন্ন

শনিবার হরিদ্বারের চণ্ডী ঘাটে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ৯১ বছর বয়সে প্রয়াত হন তিনি। মুখ্যমন্ত্রীর সবচেয়ে ছোট ভাই মহেন্দ্র মোহন বিষ্ট মা সাবিত্রী দেবীর মুখাগ্নি করেন। চণ্ডী ঘাটে আয়োজিত এই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই আবেগতাড়িত হয়ে পড়েন। মায়ের চিতার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যায় যোগী আদিত্যনাথকে।
এর আগে প্রয়াত সাবিত্রী দেবীর মরদেহ তাঁর পৈতৃক গ্রাম পঞ্চুর থেকে হরিদ্বারের চণ্ডী ঘাটে নিয়ে আসা হয়। শেষকৃত্য ও শ্রদ্ধা নিবেদনের এই পর্বে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই প্রয়াত মাকে শ্রদ্ধা জানান এবং ভারাক্রান্ত হৃদয়ে শেষ বিদায় জানান।
শেষকৃত্যের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে মায়ের শবযাত্রায় কাঁধ দেন। গোটা বিদায়পর্বে তাঁকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। মায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।