আসন পুনর্বিন্যাস বিলে বড় মোড়! চেন্নাই ছুটেও স্ট্যালিনের মন গলাতে পারলেন রাহুল?

কেন্দ্রের সংশোধিত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। লোকসভায় এই বিল ঠেকাতে রবিবার ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিদের নিয়ে চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠকে বসলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন সকালে সমাজমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে চেন্নাই সফরের কথা জানান তিনি।

‘এক্স’ হ্যান্ডেলে স্ট্যালিনকে ‘ভাই’ সম্বোধন করে রাহুল গান্ধী লেখেন, লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করা হলে তা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে। তাঁর অভিযোগ, এই বিলের মাধ্যমে বিজেপি ও আরএসএস নিজেদের অনুকূলে নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর সুযোগ তৈরি করছে। সংবিধান ও তামিলনাড়ুর স্বার্থ রক্ষায় স্ট্যালিনকে এই বিলের বিরোধিতা করার আহ্বান জানান কংগ্রেস নেতা।

তবে রাহুলের আবেদনের উত্তরে স্ট্যালিনও ‘ভাই’ সম্বোধনে ধন্যবাদ জানালেও নিজের অবস্থান থেকে নড়েননি। পাল্টা ‘এক্স’ পোস্টে তিনি স্পষ্ট করেন, তামিলনাড়ু ও তামিলবাসীর স্বার্থই ডিএমকে-র কাছে সবার আগে, এবং সেই কারণেই দল এই বিলের পক্ষে অবস্থান নিয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া বিলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে ২০৫১ সাল পর্যন্ত ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির আসন অনুপাত অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি, ২০১১ সালের জনগণনার নিরিখে আসন পুনর্বিন্যাস করলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার পথ খুলবে বলে জানানো হয়েছে।

এই বিলে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে ডিএমকে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)। শনিবার স্ট্যালিন এই বিলকে তামিলনাড়ুসহ দক্ষিণের রাজ্যগুলির দীর্ঘ আন্দোলনের সাফল্য বলে অভিহিত করেন। ডিএমকে নেতা এ রাজার দাবি, এর ফলে তামিলনাড়ুর আসন অনুপাত ৭.১৮ শতাংশ থেকে বেড়ে ৭.২১ শতাংশ হবে।

সূত্রের খবর, চেন্নাইয়ের বৈঠকের পর বিরোধী নেতৃত্ব মুম্বইয়ে শরদ পাওয়ারের সঙ্গেও আলোচনা করতে পারেন। রাজনৈতিক মহলের মতে, লোকসভায় এনডিএ-র সাংসদ সংখ্যা প্রায় ৩২০। সেখানে ডিএমকে-র ২২ জন এবং এনসিপি (এসপি)-র ৮ জন সাংসদের সমর্থন যুক্ত হলে বিল পাসের জন্য প্রয়োজনীয় ৩৫০-এর গণ্ডি ছুঁয়ে ফেলা সহজ হবে। ফলে এই জোট-রাজনীতির টানাপোড়েন সংসদের অঙ্ক ও বিরোধী ঐক্যের ভবিষ্যৎ—উভয়ের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।