ভারতে বাতিল ফাওয়াদ-মাহিরার সিরিজ! বিতর্ক ও কেন্দ্রের সতর্কবার্তায় পিছু হটল নেটফ্লিক্স

বিতর্কের মুখে পড়ে ভারতে পাকিস্তানি ওয়েবসিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়া। ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত এই সিরিজটি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হলেও, ভারত সরকারের তরফে সতর্কবার্তা পাওয়ার পর প্ল্যাটফর্মটি এই পদক্ষেপ করেছে বলে খবর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় গ্রাহকরা নেটফ্লিক্সে সিরিজটি দেখতে পাবেন না এবং এর আপকামিং স্লেটেও এটি থাকছে না। পহেলগাঁও হামলার পর পাকিস্তানি সিরিয়াল ও সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, এবং ২০২৫ সালেও এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কেন্দ্রের নির্দেশ মেনেই নেটফ্লিক্স ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।
গত ২৪ নভেম্বর ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’-র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই আপত্তি তোলে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সিরিজটি ভারতে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়ার পাশাপাশি নেটফ্লিক্স থেকে নিজেদের প্রতিনিধি সরিয়ে নেওয়ার হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। এর পরই কেন্দ্র নেটফ্লিক্স ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে পূর্ববর্তী নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দেয়, যার জেরেই সিরিজটি ভারতে না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।