ডিলিমিটেশন ভোটে কি আটকে পড়লেন কংগ্রেস সাংসদ? দুবাইয়ের হাসপাতালে রহস্যজনক মোড়!

ডিলিমিটেশন বিল নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তেজনার মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। সংযুক্ত আরব আমিরশাহির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন কেরলের কান্নুরের লোকসভার কংগ্রেস সাংসদ কে সুধাকরণ। ডিলিমিটেশন বিলের ভোটাভুটিতে তাঁর অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। কংগ্রেস এবং সুধাকরণের পরিবারের অভিযোগ, হাসপাতালে কার্যত আটকে রাখা হয়েছে সাংসদকে এবং পরিবারের সদস্যদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ভোটাভুটিতে যাতে তিনি অংশ নিতে না পারেন, সে জন্যই হাসপাতালের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি উঠেছে।

সংসদে ডিলিমিটেশন বিলের বিরোধিতায় সমর্থন জোগাতে তৎপর হয়ে উঠেছে বিরোধী I.N.D.I.A জোট। ক্ষুব্ধ বা দূরত্ব তৈরি হওয়া ডিএমকে এবং এনসিপি (শরদ পওয়ার)-এর মতো শরিকদের মানাতে উদ্যোগী হয়েছে শীর্ষ নেতৃত্ব। ভোটাভুটির সময় সব সাংসদকে সংসদে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে। সেই অনুযায়ী রবিবারই দেশে ফেরার কথা ছিল সুধাকরণের, যাতে সোমবার অধিবেশনে উপস্থিত থাকতে পারেন। কিন্তু অসুস্থতা ও হাসপাতাল সংক্রান্ত জটিলতায় তাঁর ফেরা ঘিরে সংশয় দেখা দিয়েছে।

দুবাই থেকে এক সাক্ষাৎকারে সুধাকরণের ছেলে সংযোগ দাবি করেছেন, সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁরা হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু এখন তাঁকে ছাড়া হচ্ছে না। সংযোগের কথায়, “হাসপাতাল কর্তৃপক্ষ বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না আমাদের। আমরা জেনেছি, হাসপাতালের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমার আশঙ্কা, নেপথ্য থেকে কেউ সবকিছু নিয়ন্ত্রণ করছে। গতকাল পর্যন্তও উনি ঠিক ছিলেন। হঠাৎ আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।”

ঘটনার বিবরণ দিয়ে সংযোগ আরও জানান, শুক্রবার তাঁরা দুবাই পৌঁছন এবং চিকিৎসকদের পরামর্শ নেন। চিকিৎসকরা স্নায়ুঘটিত সমস্যার কথা জানিয়ে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা বলেন। শনিবার চিকিৎসকরা জানান, অবস্থার উন্নতি হয়েছে এবং রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু রবিবার দেখা করতে গেলে বাধা দেওয়া হয়। সংযোগের দাবি, চিকিৎসকরা নাকি জানিয়েছেন যে ‘বস’ ফোন করেছিলেন। তাঁর সন্দেহ, বাবা যাতে দিল্লি ফিরতে না পারেন, সেই চেষ্টাই চলছে এবং তাঁকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

কেরল কংগ্রেসের অন্দরেও এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফ বিষয়টিকে গুরুতর বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, পরিবারকে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠেছে এবং সুধাকরণের ছেলের ইঙ্গিত অনুযায়ী এ ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকারের হাত থাকার অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে, এআইসিসি-র সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, বৃহস্পতিবার তিনি সুধাকরণের বিদেশযাত্রার খবর পান এবং যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তাঁর ছেলের সঙ্গে কথা বলেন। অধিবেশন শেষ হলে দল তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

তবে রাজনৈতিক মহলে অন্য আলোচনাও চলছে। কেরলের অভিজ্ঞ নেতা সুধাকরণ গত এপ্রিলের বিধানসভা নির্বাচনে কান্নুর থেকে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, যদিও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নেন। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে ছিলেন তিনি। সব মিলিয়ে, ডিলিমিটেশন বিলের ভোটাভুটির ঠিক আগে সুধাকরণের দুবাইয়ে আটকে থাকার অভিযোগ নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।