২০ সাংসদের ভোটেই কি আটকাবে বিল? স্পিকারকে তড়িঘড়ি চিঠি অভিষেকের, তুঙ্গে নাটক!

সংসদের বিশেষ অধিবেশনের ঠিক আগেই দিল্লির রাজনীতিতে তীব্র নাটকীয় মোড়। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলের ভোটাভুটিতে যাতে NCPI-এর ২০ জন সাংসদ ভোট দিতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে এবার লোকসভার স্পিকারকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি স্পষ্ট করেছেন, এই ২০ জন সাংসদ ভোট দিলে সংশোধনী বিলের ভোটাভুটিতে বড় প্রভাব পড়তে পারে এবং NCPI-র সঙ্গে তৃণমূলের কোনও সংযুক্তিকরণ হয়নি।

সোমবার, ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার বিশেষ অধিবেশন, যা চলবে আগামী শুক্রবার, ৪ ডিসেম্বর পর্যন্ত। ওই অধিবেশনেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পেশ করার কথা কেন্দ্রের। এর আগেই দলের ২৮ জন সাংসদকে অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, তৃণমূল ছেড়ে NCPI-এ যাওয়া ২০ জন সাংসদ ইতিমধ্যেই এই বিলে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলে খবর। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিল পাসের ক্ষেত্রে মোদি সরকারের কাছে এই বিদ্রোহী সাংসদদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও লোকসভার নথিতে এখনও এই ২০ জন তৃণমূলের সাংসদ হিসেবেই নথিভুক্ত রয়েছেন, তবে ২৪ নভেম্বর তারা লোকসভার অধ্যক্ষের কাছে নিজেদের অবস্থান জানিয়েছেন।

বিদ্রোহী সাংসদদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা নিজেদের NCPI বলে দাবি করছেন, তাঁদের সংবিধানের দশম তফসিল খুলে দেখা উচিত; দু’মাস পর তাঁদের কী পরিণতি হবে, তা তাঁরা নিজেরাই জানেন না।

এরই মধ্যে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক করেন NCPI-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি জানান, আলোচনা সন্তোষজনক হয়েছে এবং তাঁরা বিলটিকে সমর্থন করবেন। তাঁর দাবি, লোকসভায় তাঁরা তৃণমূলের থেকে পৃথক, ফলে তৃণমূলের হুইপ মানার বাধ্যবাধকতা নেই; বরং তাঁদের সাংসদদের জন্য হুইপ জারি করবেন কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি, সোমবার মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও জল্পনা ছড়িয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার সংসদে বিলের ভোটাভুটির আগেই বিদ্রোহী সাংসদদের খাতায়-কলমে NCPI সাংসদ হিসেবে স্বীকৃতি দিয়ে এনডিএ-র শরিক হিসেবে সবুজ সঙ্কেত দিতে পারেন স্পিকার। ফলে বিশেষ অধিবেশন শুরুর আগেই সংসদের সমীকরণ ও দলবদল আইন ঘিরে চড়ছে পারদ।