“আর শুধু প্রশ্নের উত্তর নয়”-সব কাজ একা হাতেই করবে Siri! টেক বিশ্বে তোলপাড়

অ্যাপল (Apple)-এর নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘Siri’ এতদিন মূলত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়া বা ছোটখাটো নির্দেশ পালনেই সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই চিত্রটা সম্পূর্ণ বদলে যেতে চলেছে। এবার থেকে শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে জটিল সব কাজ সম্পন্ন করে দেবে Siri। অ্যাপলের এই জনপ্রিয় এআই (AI) অ্যাসিস্ট্যান্টকে এবার একটি পূর্ণাঙ্গ ‘Autonomous Agent’ বা স্বয়ংক্রিয় এআই এজেন্ট হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিশ্বখ্যাত এই সংস্থা।
আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম Bloomberg-এর প্রখ্যাত সাংবাদিক মার্ক গুরম্যান (Mark Gurman)-এর সাম্প্রতিকতম নিউজলেটার ‘Power On’-এ এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সেই রিপোর্টে এও উল্লেখ রয়েছে যে, নতুন এই উদ্যোগের পাশাপাশি নিজেদের আগামী অপারেটিং সিস্টেম iOS 28 এবং iPadOS 28 তৈরির মূল পদ্ধতিতেও বড়সর বদল আনছে অ্যাপল।
কেন এই বড় পরিবর্তন?
রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের শীর্ষ নেতৃত্ব চান যে Siri যেন বিশ্বজুড়ে সারা ফেলে দেওয়া OpenAI-এর Dots, Meta-র Muse এবং এলন মাস্কের xAI-এর Grok-এর মতো শক্তিশালী এআই এজেন্টগুলির সাথে সরাসর পাল্লা দিতে পারে। এই প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলি বর্তমানে কেবল কমান্ড শোনা নয়, বরং ব্যাকগ্রাউন্ডে থেকে ব্যবহারকারীর জন্য নানা জটিল কাজ একা হাতে সামলে নেয়। অ্যাপলও ঠিক এই সুবিধাই তাদের কোটি কোটি iPhone, Mac এবং iPad ব্যবহারকারীদের হাতে তুলে দিতে চায়।
বর্তমানে কতটা সক্ষম Siri AI?
চলতি বছরেই iOS 27 আপডেটের মাধ্যমে Siri-কে আরও উন্নত করা হয়েছিল। বর্তমানে Siri দিয়ে ইমেল বা মেসেজের খসড়া তৈরি, ক্যালেন্ডারে ইভেন্ট যোগ কিংবা কিছু নির্দিষ্ট থার্ড-পার্টি অ্যাপে নির্দেশ কার্যকর করা সম্ভব হচ্ছে। সম্প্রতি iOS 27.3 বিটা সংস্করণে ‘Advanced In-App Actions’ ফিচার যোগ করে অ্যাপল একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তবে জিপিটি কিংবা গ্রক (Grok)-এর মতো এআই এজেন্টগুলির অ্যাডভান্সড ফিচার এখনও এতে অনুপস্থিত।
কী এই AI Agent এবং কী পরিবর্তন আসতে চলেছে Siri-তে?
সংক্ষেপে বলতে গেলে, এআই এজেন্ট হল একটি ডিজিটাল ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ বা ছায়াসঙ্গী। এরা কেবল প্রশ্নের উত্তর দেয় না, বরং ব্যবহারকারীর অনুপস্থিতিতে বা ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে নানা প্ল্যাটফর্মের ওপর নজর রাখতে পারে, প্রয়োজনীয় কাজের অ্যালার্ট পাঠায় এবং বিভিন্ন অ্যাপের কাজ সহজে সামলে দেয়।
গুরম্যানের রিপোর্ট সত্য হলে, আগামী বছরের মধ্যেই নতুন Siri AI এই ধরণের ক্ষমতা অর্জন করবে। ফলে ব্যবহারকারীরা তাঁদের বিভিন্ন কাজের ভার সম্পূর্ণ নিশ্চিত মনে Siri-র কাঁধে সঁপে দিতে পারবেন।
iOS 28 তৈরির প্রক্রিয়াতেও বড় পরিবর্তন
Siri-কে নতুন রূপ দেওয়ার পাশাপাশি iOS 28 এবং iPadOS 28 তৈরির ব্যাকএন্ড নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। অ্যাপল সফটওয়্যার তৈরির কাজকে M1, M2 এবং M3—এই তিনটি ধাপে ভাগ করেছে, যার প্রতিটির মেয়াদ ৮ সপ্তাহ। আগে প্রতিটি পর্ব অল্প সময়ের স্প্রিন্টে বিভক্ত থাকলেও, এবার ইঞ্জিনিয়ারদের প্রথম ৬ সপ্তাহ কেবল নতুন ফিচার কোডিং ও উদ্ভাবনী পরীক্ষায় ব্যয় করতে বলা হয়েছে। শেষ ২ সপ্তাহে সেই ফিচারগুলিকে একত্র করার কাজ করা হবে। এর ফলে অ্যাপল ডেভেলপারেরা বাগ-মুক্ত এবং অত্যন্ত শক্তিশালী ফিচার তৈরির বাড়তি সময় পাবেন।
এআই অ্যাসিস্ট্যান্টের দৌড়ে অন্যান্য চ্যাটবট ও এআই এজেন্টের থেকে কিছুটা পিছিয়ে পড়ার পরেই যে অ্যাপল তাদের কৌশলে এই মেগা পরিবর্তন আনছে, তা স্পষ্ট। যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি, তবে প্রযুক্তি দুনিয়ার চোখ এখন আগামী বছরের এই মেগা আপডেটের দিকেই।