আর মাত্র কয়েক দিন বাকি! রেলে একঝাঁক সরকারি পদে নিয়োগের সুবর্ণ সুযোগ, আজই হাত বাড়ান

রেলে সরকারি চাকরি পেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এল ভারতীয় রেল। ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য সাউদার্ন রেলওয়ে এবং ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-তে স্কাউটস অ্যান্ড গাইডস কোটায় একাধিক শূন্যপদে নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি (RRC-01/S&G/2026-27) অনুযায়ী, সাউদার্ন রেলওয়েতে ১৪টি এবং আইসিএফ-এ ৩টি মিলিয়ে মোট ১৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। চেন্নাই, মাদুরাই, তিরুচিরাপল্লী, সালেম, পালঘাট ও তিরুবনন্তপুরম ডিভিশনের অধীনে পে লেভেল ১ ও পে লেভেল ২ ক্যাটাগরিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। ইতিমধ্যে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া এবং তা চলবে আগামী ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনকারীদের ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী বয়স হিসাব করা হবে। পে লেভেল ২ পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এবং পে লেভেল ১ পদের জন্য বয়স ১৮ থেকে ৩৩ বছর হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পে লেভেল ২-এর জন্য নূন্যতম ৫০% নম্বরসহ দ্বাদশ শ্রেণি পাস বা টেকনিক্যাল পদের জন্য ১০ম পাস সহ ITI পাস হতে হবে। অন্যদিক পে লেভেল ১-এর ক্ষেত্রে কেবল ১০ম শ্রেণি পাস, ITI বা NAC সার্টিফিকেট থাকলেই আবেদন করা সম্ভব। তবে এই কোটায় আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রেসিডেন্ট স্কাউট/গাইড/রোভার/রেঞ্জার বা হিমালয়ান উড ব্যাজ হোল্ডার হতে হবে এবং গত ৫ বছর ধরে স্বীকৃত স্কাউট সংস্থায় সক্রিয় থাকার পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরের ইভেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট ১০০ নম্বরের ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) থাকবে ৬০ নম্বর এবং স্কাউটস ও গাইডসের নথিপত্রের জন্য থাকবে ৪০ নম্বর। পরীক্ষায় ভুল উত্তরের জন্য ১/৩ নেগেটিভ মার্কিং কার্যকর থাকবে। যোগ্য প্রার্থীদের পরবর্তীকালে শংসাপত্র যাচাইকরণ, সাক্ষাৎকার এবং শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। আবেদন ফি হিসেবে সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীর জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পরীক্ষায় বসলে রিফান্ড করা হবে। আগ্রহী প্রার্থীদের রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউনিফর্ম পরা ছবি এবং যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ ও মেধার ভিত্তিতে হবে বলে সতর্ক করেছে রেল প্রশাসন।