আমূল-মাদার ডেয়ারির পর ফের ধাক্কা! দুধের দাম নিয়ে বড় সতর্কবার্তা

শীতের মরশুমে সাধারণত দুধের উৎপাদন এবং জোগান বাড়ে। ফলে এই সময়ে দুধ সংগ্রহের খরচ কিছুটা কমার কথা। কিন্তু চলতি অর্থবর্ষে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। শীতের মরশুমেও দুধের জোগান প্রত্যাশিত বৃদ্ধি না পাওয়া, কাঁচা দুধ সংগ্রহের খরচ বেড়ে যাওয়া এবং প্রক্রিয়াকরণ থেকে শুরু করে প্যাকেজিং ও পরিবহণের খরচের চাপ মিলিয়ে দেশের বাজারে দুধের দাম আরও চড়েছে।

চলতি অর্থবর্ষে এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রথম সারির দুগ্ধ প্রস্তুতকারী সংস্থা লিটারপিছু ৪ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। সাধারণত দুধের জোগান বাড়ার সময়ে এতটা দাম বাড়ে না। ফলে এই মূল্যবৃদ্ধি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কেয়ারএজ রেটিংস। সম্প্রতি এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে রেটিংস সংস্থাটি। ওই রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মে এবং নভেম্বর মাসে দু’দফায় দুধের দাম বাড়িয়েছে দেশের বড় দুগ্ধ সংস্থাগুলি। আমূল ব্র্যান্ডের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিপণনকারী সংস্থা গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এবং মাদার ডেয়ারি মে মাসে লিটারপিছু দুধের দাম প্রায় ২ টাকা বাড়িয়েছিল। কিন্তু উৎপাদন ও দুধ সংগ্রহের খরচের চাপ না কমায় নভেম্বরে ফের দাম বাড়ানোর পথে হাঁটতে হয়েছে সংস্থাগুলিকে। দ্বিতীয় দফায় লিটারপিছু ২ টাকা থেকে ৬ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সব মিলিয়ে চলতি অর্থবর্ষে বিভিন্ন ক্ষেত্রে দুধের দাম বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা থেকে ৮ টাকা। দুধের দাম বাড়ায় দাম বেড়েছে বেশ কিছু দুগ্ধজাত পণ্যেরও, যার মধ্যে দই অন্যতম।

কেয়ারএজ রেটিংস-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোমল ইসরানি জানিয়েছেন, সাধারণত শীতের মরশুমে দুধের জোগান বাড়লে সংগ্রহের খরচ কমে আসে। কিন্তু এবার সেই স্বাভাবিক প্রবণতার ব্যতিক্রম ঘটেছে। গবাদি পশুর জৈবিক কারণে উৎপাদনে যে চক্রাকার ওঠানামা হয়, তার প্রভাবের পাশাপাশি পশুখাদ্যের চড়া দাম এবং এসএমপির কম মজুত পরিস্থিতিকে আরও জটিল করেছে। তাঁর মতে, ২০২৬-২৭ অর্থবর্ষের বাকি সময়েও দুধের দাম চড়া থাকার সম্ভাবনা রয়েছে। সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কে দুধ উৎপাদনের অনুকূল বা ফ্লাশ সিজন বলা হয়। এই সময়ে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে, পশুখাদ্যের উন্নত জোগান এবং গবাদি পশুর দুগ্ধ উৎপাদন ক্ষমতাও বাড়ে। ফলে বাজারে দুধের সরবরাহ বাড়ার কথা। কিন্তু চলতি মরশুমে সেই স্বাভাবিক প্রবণতা দেখা যাচ্ছে না। তার উপরে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ দুধ সংগ্রহকারী অঞ্চলে দুধে ফ্যাটের পরিমাণ কম থাকায় সংস্থাগুলিকে একই পরিমাণ দুধ সংগ্রহের জন্য বেশি খরচ করতে হচ্ছে। সমবায় এবং বেসরকারি দুগ্ধ সংস্থাগুলির মধ্যে কাঁচা দুধ সংগ্রহের প্রতিযোগিতাও দাম বৃদ্ধির অপর কারণ। পশুখাদ্য, খড়, প্যাকেজিং সামগ্রী এবং পরিবহণের খরচ বৃদ্ধিও সংস্থাগুলির উপর বাড়তি চাপ তৈরি করেছে।

দেশের বহু এলাকায় বয়স হয়ে যাওয়া গোরু বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে নতুন, বেশি দুধ দেয় এমন গোরু কেনা কমে গিয়েছে। যা দুধ উৎপাদন কমে যাওয়ার পিছনে অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আগে পুরোনো, বয়স্ক গোরু মাংসের জন্য বিক্রি করে দেওয়া হতো। কিন্তু বাংলা সমেত বহু রাজ্যে সরকার গোরু হত্যা বন্ধ করে দেওয়ায় চাষিরা সমস্যায় পড়েছেন বলেই তাঁদের মত।

তবে বিপুল উৎপাদন সত্ত্বেও দেশের দুগ্ধ বাজারের বড় অংশ এখনও অসংগঠিত ক্ষেত্রের নিয়ন্ত্রণে। মোট উৎপাদিত দুধের ২৫ থেকে ৩৫ শতাংশ উৎপাদক বা গবাদি পশুর মালিকেরা নিজেরাই ব্যবহার করেন কিংবা স্থানীয় স্তরে রেখে দেন। ফলে বাজারে বিক্রির জন্য উদ্বৃত্ত থাকে ৬৫ থেকে ৭৫ শতাংশ। এই উদ্বৃত্তের মধ্যে মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ সংগঠিত ক্ষেত্রের মাধ্যমে বাজারে আসে। বাকি ৬৫ থেকে ৭০ শতাংশের লেনদেন হয় স্থানীয় দুধ বিক্রেতা, গোয়ালা এবং অন্যান্য অসংগঠিত মাধ্যমের হাত ধরে।