‘আপনারা কি ওদের উকিল না কি পরিবারের লোক?’ রশ্মিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে চরম কটাক্ষ আসতেই গর্জে উঠলেন করণ জোহর!

জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে নিজেদের সম্পর্কের ব্যক্তিগত গোপন তথ্য শেয়ার করার পর থেকেই ট্রোলিংয়ের চরম শিকার হচ্ছেন দক্ষিণ ও বলিউডের চর্চিত জুটি রশ্মিকা মন্দান্না এবং বিজয় দেবেরাকোন্ডা। নেটদুনিয়ায় একাংশের কটাক্ষ ও কুরুচিকর মন্তব্য যখন সীমারেখা পার করছে, ঠিক তখনই এই দম্পতির সমর্থনে শক্ত হাতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বলিউডের প্রখ্যাত পরিচালক তথা শো-এর সঞ্চালক করণ জোহর। ট্রোলারদের সোজা ভাষায় আক্রমণ করে করণ সাফ জানিয়ে দিয়েছেন, তারকাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে তাঁদের পরিবারকে টানা একদমই বরদাস্ত করা হবে না।
শো-এর পর থেকেই তোলপাড় নেটদুুনিয়া: গত অক্টোবর মাসে তেলেগু ছবি ‘রণবালি’-র প্রচারের সূত্রে করণের শো-তে অতিথি হিসেবে এক সোফায় বসেছিলেন রশ্মিকা ও বিজয়। সেখানে তাঁদের রসায়ন ও দাম্পত্য জল্পনা নিয়ে খোলাখুলি আলোচনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় অসন্তোষ ও সমালোচনা। কটাক্ষকারীরা কেবল তাঁদের সম্পর্কের ভুলত্রুটি তুলে ধরেই ক্ষান্ত হননি, বরং তারকা জুটির পরিবারকেও টেনে এনে অপমানজনক মন্তব্য করতে শুরু করেন।
ট্রোলারদের উদ্দেশে করণের কড়া বার্তা: সম্প্রতি ‘টিএইচআর ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন করণ জোহর। তিনি বলেন, “সবারই নিজের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। কিন্তু যখন কেউ কারও ব্যক্তিগত সম্পর্কে ঢুক পড়ে জ্ঞান দিতে শুরু করেন, তখন সেটা সত্যিই চূড়ান্ত বিরক্তিকর! আপনারা ভাই কে? আপনারা কি ওদের পরম পরামর্শদাতা? নাকি ওদের আইনজীবী কিংবা পরিবারের সদস্য? আপনারা এমনকি ওদের পরিবারকেও ছাড়ছেন না! যেকোনো সেলিব্রিটিকে নিয়ে আপনাদের মতামত থাকতেই পারে, কিন্তু পরিবারকে অপমান করার অধিকার কারও নেই। ওদের পরিবারের সদস্যরা তো আর আমার শো-এর সোফায় এসে বসেননি!”
দীপিকা-রণবীরের ঘটনার পুনরাবৃত্তি: স্মৃতি উসকে করণ আরও জানান যে, এই ধরনের চরম ট্রোলিং প্রথম নয়। এর আগে ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনে হাজির হয়ে নিজেদের সম্পর্কের ইতিহাস নিয়ে খোলামেলা কথা বলার পর ঠিক একইভাবে নেটপাড়ায় চরম ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংকে। করণের মতে, তারকাদের স্পষ্টবাদিতাকে প্রায়শই ভুলভাবে ব্যাখ্যা করে অযাচিত সমালোচনার জন্ম দেওয়া হচ্ছে, যা একেবারেই অনুচিত।