আত্মীয়কে ট্রেনেই ছাড়তে গিয়ে ফেঁসে গেলেন ১২ জন! বন্দে ভারতের অটোমেটিক দরজায় বন্দি হয়ে সোজা ১৪০ কিমি সফর, পকেটও ফাঁকা

আত্মীয়কে ট্রেন থেকে বিদায় জানাতে গিয়েছিলেন কয়েকজন সাধারণ মানুষ। কিন্তু একটু ভুলের খেসারত যে এত বড় শাস্তি বয়ে আনবে, তা হয়তো তাঁরা কল্পনাও করেননি। ট্রেন ছাড়ার ঠিক আগে স্বয়ংক্রিয় দরজার ফাঁদে পড়ে বন্দে ভারত এক্সপ্রেসে আটকে গেলেন একদল যাত্রী। আর তারপর সোজা ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হল তাঁদের! শুধু তাই নয়, বিনা টিকিটে এই আকস্মিক ভ্রমণের জেরে ১২ জনের পকেট পুরো ফাঁকা হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল রেল স্টেশনে।
ঠিক কী ঘটেছিল স্টেশনে?
সূত্রের খবর, কানপুর সেন্ট্রাল স্টেশনে আত্মীয়দের ট্রেন তুলে দিতে বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলেন মোট ১২ জন যাত্রী। তাঁদের উদ্দেশ্য ছিল কেবল আত্মীয়দের সিট পর্যন্ত পৌঁছে দিয়ে ট্রেন ছেড়ে নেমে আসা। কিন্তু তাঁরা ট্রেন থেকে নামার আগেই বন্দে ভারতের অত্যাধুনিক স্বয়ংক্রিয় দরজাগুলো হঠাত্ বন্ধ হয়ে যায়। এর ফলে ট্রেনের ভেতরেই বন্দি হয়ে পড়েন ওই ১২ জন।
বাইরে থেকে দরজা খোলার কোনো উপায় না থাকায় এবং ট্রেন চলতে শুরু করায় তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই ওই ১২ জন যাত্রীকে ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরবর্তী ইটাওয়া জংশন পর্যন্ত যেতে হয়।
রেলের কড়া পদক্ষেপ ও জরিমানা
হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে যেমন ঘাবড়ে গিয়েছিলেন যাত্রীরা, তেমনই ইটাওয়া স্টেশনে পৌঁছানোর পর রেলের টিকিটিং চেকারদের হাতে পড়েন তাঁরা। বৈধ টিকিট না থাকায় রেলের নিয়ম অনুযায়ী প্রত্যেককে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। আত্মীয়কে সামান্য বিদায় জানাতে গিয়ে এই অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে শেষ পর্যন্ত ১২ জনের পকেট পুরোপুরি ফাঁকা হয়ে যায়। বন্দে ভারতের মতো হাই-স্পিড ট্রেনে এই ধরনের অটোমেটিক দরজা সংক্রান্ত অসাবধানতা নিয়ে এখন নতুন করে জল্পনা শুরু হয়েছে যাত্রীদের মধ্যে।